মাত্র ১২ বছর বয়সেই স্বপ্নপূরণ ছোট্ট শামিয়ানার! মেয়ের সাফল্যে গর্বিত মা শতাব্দী

শতাব্দী রায়

অভিনয় জগত থেকে রাজনৈতিক ময়দান সবেতেই পাল্লা দিয়ে কাজ করে চলেছেন অভিনেত্রী শতাব্দী রায়। শুধু তাই নয় কাজের পাশাপাশি ছেলে মেয়েকে মানুষ করাতেও কোন ত্রুটি রাখেননি অভিনেত্রী। তবে অভিনেত্রীর পরিবারে এবার বড় সুখবর। একমাত্র মেয়ে শামিয়ানা কে নিয়ে খুশির খবর জানালেন মা শতাব্দী।

শতাব্দী ও মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে শামিয়ানা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মডার্ন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী শামিয়ানা। মাত্র ১২ বছর বয়সেই মেয়ের সাফল্যে গর্বিত গোটা পরিবার। মা-বাবার আদরের ‘জুমি’ এবার বড়পর্দায়।

পরিচালক অতনু রায়ের ছবি ‘ফাতমা’য় কিশোরী জুবেদার চরিত্রে দেখা যাবে তাকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ছবিতে পর্দায় শামিয়ানার মায়ের ভূমিকায় অভিনয় করছেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত !

মেয়ের বড়পর্দায় অভিষেক নিয়ে দারুণ উচ্ছ্বসিত মা শতাব্দী। নিজের অনুভূতি ভাগ করে নিয়ে অভিনেত্রী বলেন, ‘শামিয়ানার অভিনয়ের ইচ্ছা আছে, আমার ছেলের একদম নেই। আমি চাই শতাব্দী রায়ের মেয়ে হিসেবে নয়, নিজের যোগ্যতায় আমার মেয়ে অভিনয়জগতে কাজ করুক। ও ভালো কাজ করলে আমার অবশ্যই ভালো লাগবে। আমার আত্মপ্রকাশের ঠিক ৪০ বছর পর আমার মেয়ে বড়পর্দায় কাজ শুরু করছে, এটা আমার কাছে আনন্দের। ঋতুপর্ণার মেয়ের ভূমিকায় থাকবে শামিয়ানা। ঋতুকে অনেক শুভেচ্ছা।’

শতাব্দী রায়

শামিয়ানা জানিয়েছে ” আমি মায়ের অনেক সিনেমা দেখেছি আর সেগুলো দেখে ছোটবেলা থেকেই আমার অ্যাক্টিং করার খুব ইচ্ছে। এবং আমি বড় হয়েও অভিনয়কে পেশা করতে চাই। অতনু রায়ের ‘ফাতমা’তে আমার চরিত্রের নাম জুবেইদা। আশা করি, আমার প্রথম কাজ মানুষের ভালো লাগবে।”