
গিটার হাতে মঞ্চ কাঁপানো সেই মানুষটি আজ বাংলা রক সংগীতের আইকন রূপম ইসলাম। তাঁর কনসার্ট মানেই হাজারে হাজারে ভক্তের সমাগম এবং ‘রূপম ইসলাম’ নামের চিৎকার। ছোটবেলায় আকাশবাণী ও দূরদর্শনে গান গাইতেন তিনি। তার বিখ্যাত ব্যান্ডের প্রথম অ্যালবামটি বাংলা ব্যান্ড মিউজিকের সংজ্ঞাই বদলে দেয়। এবার আরও এক বড় সুখবর দিলেন রুপম।
সাতসকালেই এই সুখবর পেয়ে উচ্ছ্বসিত রুপম ভক্তরা। বাংলা রকের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল রুপমের ব্যান্ড ‘ফসিলস’। ব্যান্ডের বহুল প্রতীক্ষিত এফ ৭ অ্যালবামকে ঘিরে প্রকাশ্যে এল অফিসিয়াল মার্চেন্ডাইজ। ২৫ জুন কলকাতায় আয়োজিত ‘এফ-৭ আনবক্সিং নাইট’ অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা, সংগীতশিল্পী ও অডস্পেস-এর প্রতিষ্ঠাতা কিউ, ফসিলস এবং রূপম ইসলাম যৌথভাবে এই স্মারক সামগ্রীর সংগ্রহের উদ্বোধন করেন।
এই সংগ্রহে রয়েছে প্রিমিয়াম টি-শার্ট, টুপি, ব্যান্ডানা, মগ, চাবির রিং, পোস্টার এবং সংগ্রহযোগ্য নাইট লাইট। প্রতিটি সামগ্রীর নকশা এফ-৭ অ্যালবামের গান, ভিডিও ক্লিপ ও শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। নির্মাতাদের কথায়, এটি শুধু কিছু পণ্য বিক্রির উদ্যোগ নয়, এফ-৭-এই জগৎকে অনুরাগীদের জীবনের একটি অংশ করে তোলার প্রচেষ্টা।
বাংলা ব্যান্ডের ইতিহাসে কোনও অ্যালবামকে কেন্দ্র করে এত বড় ও পরিকল্পিত স্মারক সামগ্রীর উদ্যোগ আগে দেখা যায়নি। ফলে এফ-৭ শুধু একটি অ্যালবাম নয়, বাংলা রক সঙ্গীতের অনুরাগীদের জন্য এক নতুন সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে উঠছে। অনুষ্ঠানের শেষে জানানো হয়েছে, আগামী ২৮ জুন, রবিবার সন্ধ্যা ৬টা থেকে এফ-৭-এর সরকারি স্মারক সামগ্রীর পুরো সংগ্রহ বিশ্বের সব ফসিলস অনুরাগীদের জন্য খুলে দেওয়া হবে।

