‘মরলে শোকজ্ঞাপন…বেঁচে থাকতে…মরাকান্নার…’, রাহুল-অনীক দত্তের মৃত্যুর বিতর্কের মাঝেই বিস্ফোরক রূপসা চক্রবর্তীর

রূপসা চক্রবর্তী

টলিপাড়ায় একের পর এক এক শোকের খবর। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর ধাক্কা সামলাতে না সামলাতে পরিচালক অনীক দত্তের মৃত্যুর রহস্যে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। রাহুলের মতোই অনীক দত্ত মারা যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপনের পোস্ট। আর যা নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী।

নিজের সামজমাধ্যমে এক লম্বা পোস্ট করে ভার্চুয়াল দুনিয়া নিয়ে ‘লোক দেখানো’ ভালোবাসা নিয়ে তুললেন বড় প্রশ্ন অভিনেত্রী। রুপসা লেখেন, “মানুষকে যদি সত্যিই ভালোবাসেন, তবে সেই ভালোবাসার কথা মানুষটা বেঁচে থাকতেই তাকে জানান। তাকে অনুভব করান—সে আপনার কাছে সে কতটা প্রিয়, কতটা গুরুত্বপূর্ণ।কারণ, সময় চলে যাওয়ার পরে হাজারো শব্দ, হাজারো পোস্ট, হাজারো স্মৃতিচারণ এর থেকেও জীবিত অবস্থায় বলা একটি কথা- “তুমি আমার খুব প্রিয়,খুব আপন, খুব ভালো লাগে তোমাকে/আপনাকে ” এই কথা গুলো অনেক বেশি মূল্যবান।”

অভিনেত্রী আরও লেখেন, “আমরা প্রায়ই মানুষের হাসিমুখ দেখি, কিন্তু তার ভেতরের ক্লান্তি, অবসাদ, একাকীত্ব দেখতে পাই না। আর কেউ যখন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে, তখন তাকে নিয়ে মজা করা, trolling করা , social media তে আঘাত করে কথা বলা, এইভাবে মানুষটিকে বিচার না করে ,যদি সে ভুল করে সেই ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে- তাকে শিক্ষা দেওয়ার নামে সবার সামনে ছোটো না করে পারলে তার পাশে দাঁড়ান। জিজ্ঞেস করুন—“তুমি কেমন আছো?”

“শুনুন তার না-বলা কথাগুলো। সম্ভব হলে তাকে একটু ভালোবাসা দিন, একটু সময় দিন, একটু ভরসা দিন। হয়তো আপনার সামান্য আন্তরিকতাই তাকে আবার জীবনের প্রতি আশাবাদী করে তুলতে পারে। মানুষ চলে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা প্রকাশ করা খুব সহজ, কিন্তু মানুষটা বেঁচে থাকতে তার অন্ধকার সময়ে হাতটা ধরে রাখা—সেটাই আসল ভালোবাসা।”

আসলে অভিনেত্রীর মতে মানুষ থাকতে দাম দিলে চলে গিয়ে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা মরাকান্নার ছাড়া আর কিছুই না।