
বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জি। যদিও পর্দায় তাকে এখন সকলে ‘অপুর মা’ হিসেবেই বেশি চেনেন। চিরদিনই তুমি যে আমারে অপর্ণার মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। তবে কেরিয়ারে এই সাফল্য একদিনে আসেনি। সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের অভিনয় জীবনে পা রাখার লড়াই নিয়ে মুখ খুললেন সুচন্দ্রা।
সুচন্দ্রা জানান, কখনও নিজেকে নায়িকা হিসেবে ভাবেননি তিনি। তাঁর মতে, একজন প্রচলিত নায়িকার মধ্যে যেসব গুণ বা বৈশিষ্ট্য থাকার কথা মনে করা হয়, সেগুলো তাঁর মধ্যে নেই বলেই তিনি শুরু থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন দেখেননি।
একটা সময় অভিনয় জগতে আসার জন্য তাকে বড় সিদ্ধান্তও নিতে হয়েছিল। কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। নিজের স্বপ্নের টানেই তিনি নিরাপদ চাকরি ছেড়ে বিনোদন জগতে পা রাখেন। তবে এই পথ মোটেও সহজ ছিল না এবং তাঁকে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে।
সুচন্দ্রা জানান, একবার তার একটা চরিত্র তুমুল জপ্নপ্রিয় হয়েছিল। ধারাবাহিকটি সফল হলেও তার পরবর্তী সময়ে প্রায় আড়াই বছর তিনি কোনও কাজ পাননি। এই সময়টা তাঁর কাছে অত্যন্ত কঠিন ছিল। তবে তিনি ধৈর্য ধরে নিজের কাজের অপেক্ষা করে গিয়েছেন। অভিনেত্রীর মতে, দীর্ঘদিন কাজ করলেই কেউ বড় তারকা হয়ে যাবেন এমন ধারণা ঠিক নয়। বরং যাঁরা অপেক্ষা করতে পারেন এবং কঠিন সময়েও নিজের উপর বিশ্বাস রাখেন, তাঁরাই শেষ পর্যন্ত এই জগতে টিকে থাকতে পারেন।
প্রেম এবং সম্পর্ক প্রসঙ্গে নিজের মতামত জানিয়ে সুচন্দ্রা বলেন, ভালোবাসার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট জেন্ডারের সীমাবদ্ধতা থাকা দরকার তা মনে করেন না অভিনেত্রী। পাশাপাশি তিনি নিজেকে একজন প্রেমিক মানুষ বলেই মনে করেন।
