
শিশুবয়স থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা জিতের মতো তারকাদের সাথে অভিনয় শুরু করেই টলিউডের বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন আয়েশা ভট্টাচার্য। আজ সেই অভিনেত্রী ইন্ডাস্ট্রির কঠিন বাস্তবের মুখোমুখি। গত দুই বছর ধরে তাঁর হাতে কোনো মেগা সিরিয়ালের কাজ নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্টে নিজের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছেন অভিনেত্রী।
কাজ পাওয়ার অনিশ্চয়তা নিয়ে বলতে গিয়ে আয়েশা লিখেন, ‘রোজ অপেক্ষায় বসে থাকি একটা ভালো কাজের ফোনের আশায়। ফোন আসে, ছবি চায়, কিন্তু কাজ হয় না! পরশু থেকে শ্যুট শুরু জানার পরও হঠাৎ খবর পাই আমি নাকি বাদ।’
ঘরে হাত গুটিয়ে বসে থাকলে সংসার চলবে না, কারণ মা-বাবার একমাত্র সম্বল তিনিই। তাই লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তিনি লেখেন, ‘আর একটু একটু করে পারছিও আর আরও পারবো, পারতে যে হবেই কারণ আমার সংসার যে আর কেও টেনে নিয়ে যাবেনা!! আমার বাবা মায়ের পাশে যে আমি ছাড়া আর কেউ দাঁড়াবেনা! হ্যাঁ কষ্ট পাই যখন অন্যদের দেখি টিভির পর্দায়! মিথ্যে বলবোনা হিংসেও হয়!’
সিরিয়ালে সুযোগ না পেয়ে নিজের ‘অভিনেত্রী’ ইমেজের বাইরে বেরিয়ে আয়েশা নিজেকে ‘ডান্স টিচার ও কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে গড়ে তোলার লড়াই শুরু করেছেন। তিনি জানান, একটু একটু করে সেই চেষ্টায় তিনি সফল হচ্ছেন এবং মা-বাবার মুখে হাসি ফোটাতে তাঁকে পারতেই হবে।
ইন্ডাস্ট্রির একাংশের ওপর ক্ষোভ প্রকাশ করে আয়েশা প্রশ্ন তোলেন, ‘টিভি থেকে দূরে থাকার দোষ কি আমার? আমি কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বা বিশেষ সময় কাটাতে পারি না বলে? কে জানে! তবে এগুলো পারি না বলেই দিনের শেষে আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।’
তবে তার এই নতুন পথটা যে সহজ নয়, সেটাও স্বীকার করেছেন আয়েষা। কিন্তু ধীরে ধীরে নিজের লক্ষ্যে এগোচ্ছেন তিনি। তাঁর বিশ্বাস, আরও পরিশ্রম করলে তিনি নিজের জায়গা তৈরি করতে পারবেন।
