
হাতে যখন কাজ ছিল না, আয়ের সুনিশ্চিত পথ বের করতেই নিজের পডকাস্ট চ্যানেল খুলেছিলেন অভিনেতা রাহুল অরুণোদয়য় বন্দ্যোপাধ্যায়। ছেলের নাম দিয়ে চ্যানেলের নাম রেখেছিলেন ‘সহজ কথা’। এই শো রাহুলের হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। ‘সহজ কথা’ অভিনেতার একটি শখের প্রোজেক্ট ছিল। কিন্তু গত ২৯ মার্চ ঘটে যাওয়া দুর্ঘটনা সবকিছু তছনছ করে দিল।
রাহুল আর নেই। তাই ‘সহজ কথা’ও ঠমকে। কিন্তু কি হবে এর ভবিষ্যৎ? সহজ কথার দর্শক চান প্রিয়াঙ্কা এই শো চালিয়ে নিয়ে যাক। সেই পথেই কি হাঁটবেন অভিনেত্রী? সব বিষয় নিয়ে এবার এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন রাহুল পত্নী।
ছেলে এলেও ‘সহজ কথা’র শোয়ে প্রিয়াঙ্কাকে কেন দেখা যায়নি। এই প্রসঙ্গে এই সময়কে প্রিয়াঙ্কা সরকার জানান, ‘‘সহজ কথা’-র সঙ্গে আমি প্রথম থেকেই যুক্ত। রাহুলের সঙ্গে আমার পরিচয়, বন্ধুত্ব বহু বছরের। আমাদের বেড়ে ওঠা একসঙ্গে। আমার বইপড়া, সিনেমা দেখা, জীবনদর্শন অরুণোদয়ের হাত ধরে শুরু। আমরা তো ২২ বছর একসঙ্গে। যদি পডকাস্টে যেতাম, রাহুল আমাকে কী প্রশ্নই বা করত। আমার ভালো–মন্দ, প্রেম, কেরিয়ার, ছেলেবেলা, স্কুল লাইফ, জীবন রাহুলের সবটাই জানা। আমার নতুন কিছু জানানোর নেই, হোস্ট-এরও কিছু জানার নেই। তবে আমি কৃতজ্ঞ যে সহজে সঙ্গে এত সুন্দর একটা এপিসোড আছে।”
ভবিষ্যতে সহজ কথা নিয়ে কি সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা? এই উত্তরে অভিনেত্রী জানান, ‘প্রত্যেককে ধন্যবাদ ‘সহজ কথা’-কে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এখনও ভালোবাসা পাচ্ছে। আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি, ‘সহজ কথা’-য় রাহুলের যে ক্রিয়েটিভ কন্ট্রিবিউশন, ওর তৈরি করা বন্ধুত্ব, রাহুলের হিউমার, লেখা, পড়াশোনা এগুলিই থেকে যাক। ‘সহজ কথা’-র সাফল্যের নেপথ্যে রাহুলের অনেক রিসার্চ, পড়াশোনা রয়েছে। যেটা একেবারেই সহজ ছিল না। সেটা আলাদা সম্মান ডিজ়ার্ভ করে। তাই আমি আর সেখানে হাত দেব না।’
