‘আমার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছি…রাহুলকেই মিস করি…ও চলে যাওয়ার পর সহজ নিজেকে…’, রাহুলের মৃত্যুর এক মাসের মাথায় অবশেষে মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক মাস পার। আজও অভিনেতার মৃত্যু কেউ মেনে নিতে পারেনি। অভিনেতার মৃত্যুতে তার পরিবার এখনো মানসিকভাবে বিধ্বস্ত। কিন্তু সময় থেমে থাকে না। রাহুলের মৃত্যুর পর স্বাভাবিকভাবে কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা। এতদিন নিজেকে আড়ালেই রেখেছিলেন। তবে স্বামীর মৃত্যুর এক মাসের মাথায় প্রথমবার সাক্ষাৎকার দিলেন প্রিয়াঙ্কা।

রাহুলকে কতটা মিস করছেন প্রিয়াঙ্কা? TV9 বাংলার সঙ্গে এক সাক্ষাত্‍কারে প্রিয়াঙ্কা বললেন, ”সবচেয়ে বেশি বন্ধু রাহুলকেই মিস করি। যদি এক কথায় গুছিয়ে বলতে হয়, আমি বলব, আমার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছি। সব কিছুর বাইরে এটা একটা বন্ধুত্বের সম্পর্ক প্রায় ২০ বা ২২ বছরের বেশি সময় ধরে যেটা ছিল।”

রাহুলের প্রসঙ্গে প্রিয়াঙ্কা আরও জানান, “আমি বারবার বলেছি, আমার সিনেমা দেখা, বই পড়া, সব কিছু সম্পর্কে জানা, ভাবনা চিন্তা গোছানো, এগুলো সবই শেখা রাহুলের কাছে, ওর প্রভাবে। সেটা কোনওদিন অস্বীকার করতে পারিনি। রাহুল খুব ভালো বন্ধু ছিল, সকলের। এই পরিস্থিতিতে সেটা আরও বেশি করে অনুভব করলাম। যখন হয়তো ঝগড়া, এই-সেই হচ্ছে, তখন হয়তো লোকে ভেবেছে মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু জানে না, আমরা কত গল্প করেছি। একটা ভালো বই, একটা ভালো সিনেমা…এখনও মনে হয়, রাহুলের বেছে দেওয়া চার-পাঁচটা সিনেমা বা সিরিজ দেখা বাকি আছে। আমার কাজে সবচেয়ে বড় সমালোচক ছিল রাহুল। ওর মত আমার কাছে খুব গুরুত্ব পেত। কিছু মানুষই তো থাকে, যাঁদের মত আমাদের জীবনে বেশি গুরুত্ব পায়। রাহুলের মত, আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটা আমি মিস করব। একটা কাজের সত্‍ ফিডব্যাক পাওয়ার সুযোগটা মিস হয়ে গেল।”

রাহুলের মৃত্যুর পর ছেলে সহজ কেমন আছে? এই প্রশ্নের উত্তরে এই সময় অনলাইনকে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি সঠিক বলতে পারব না। আমরা সকলেই মানসিক লড়াই করছি আলাদা আলাদা ভাবে। নিজেদের মতো সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সহজের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়নি। ও কিভাবে নিজেকে সামলাচ্ছে জিজ্ঞাসা করিনি আমি। কারণ সকলের একটা স্পেস দরকার হয়। ওর যদি কখনও মনে হয় ও নিজেই আমাকে বলবে।’

সহজের প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে প্রিয়াঙ্কা জানিয়েছেন, “সহজ কেমন আছে, সেই উত্তর আমি দেব না। কারণ সেটা আন্দাজ করা হবে। ওর মাথায় কী চলছে সেটা সহজই ভালো বলতে পারে। তবে এটা বলতে পারি, সহজও চেষ্টা করছে, স্বাভাবিক জীবনে ফেরার। হয়তো কয়েকমাস পর আরও বরিষ্কার হবে। ও ঠিক আছে, কী নেই, সেটা সহজই ভালো বলতে পারবে।”