টিকল না দ্বিতীয় বিয়ে! সাড়ে চার বছরের দাম্পত্যে জীবনে ইতি টানলেন জনপ্রিয় তারকা

কণিকা কাপুর

দীর্ঘ ১৫ বছরের পরিচয়, বন্ধুত্ব থেকে প্রেম, তারপর চার হাত এক হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কেই পড়ল ছেদ। দ্বিতীয়বারও সংসার ভাঙার সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। ‘বেবি ডল’ খ্যাত এই শিল্পী সম্প্রতি সমাজমাধ্যমে স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছেন। ব্যক্তিগত জীবনের এমন কঠিন সিদ্ধান্তের কথা জানিয়ে অনুরাগীদের কাছে গোপনীয়তা বজায় রাখার আবেদনও জানিয়েছেন তিনি। ২০২২ সালের মে মাসে লন্ডনে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তাঁরা। তবে বিচ্ছেদের ঘোষণা সামনে আসার আগেই ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবিগুলি সরিয়ে দিয়েছিলেন গায়িকা। স্বাভাবিকভাবেই তাঁর এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি প্রকাশ করে বিচ্ছেদের কথা জানান কণিকা। সেখানে তিনি স্পষ্ট করেন, অনেক চিন্তাভাবনার পর দু’জনে পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের জন্য গৌতমকে শুভকামনাও জানিয়েছেন তিনি। পাশাপাশি জীবনের এই পরিবর্তনের সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করেছেন অনুরাগীদের।

তবে বিচ্ছেদের নেপথ্যে তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিতি রয়েছে, এমন জল্পনা একেবারেই মানতে নারাজ গায়িকা। এক সাক্ষাৎকারে কণিকা জানিয়েছেন, তাঁদের দাম্পত্যে অন্য কারও কোনও ভূমিকা ছিল না। এমনকি স্বামীর কর্মসূত্রে নাইজেরিয়ার লাগোসে থাকাকেও বিচ্ছেদের কারণ হিসেবে মানতে চাননি তিনি। তাঁর বক্তব্য, একটি সম্পর্কের ভিতরে কী ঘটছে, তা বাইরের মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। অথচ কোনও দাম্পত্য ভেঙে গেলেই সমাজের একাংশ মহিলাকেই প্রথমে দোষারোপ করতে শুরু করে। এই মানসিকতার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। নিজের অবস্থান স্পষ্ট করে কণিকা জানিয়েছেন, তিনি অন্য কোনও সম্পর্কে জড়াননি এবং তাঁর জানা অনুযায়ী গৌতমও অন্য সম্পর্কে ছিলেন না।

তিন সন্তানকে নিয়ে তাঁর জীবনে দায়িত্বের কোনও কমতি নেই। তাই ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায়েও সন্তানদের কথা মাথায় রেখে এগিয়ে যেতে চান গায়িকা। বিচ্ছেদের পরেও গৌতমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে দ্বিতীয়বার বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা যে তাঁর কাছে যথেষ্ট বেদনাদায়ক, সে কথাও গোপন করেননি কণিকা।

উল্লেখ্য, কণিকা ও গৌতমের সম্পর্কের শুরুটা আজকের নয়। প্রায় ১৫ বছর ধরে একে অপরকে চিনতেন তাঁরা। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে প্রেম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ এবং ২০২০ সালে কণিকা নিজেই গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ২০২১ সালে গৌতম তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এরপর ২০২২ সালের মে মাসে লন্ডনে চার হাত এক হয় তাঁদের। সেই বিশেষ দিনে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং কণিকার তিন সন্তান।

এর আগে ১৯৯৮ সালে লন্ডনের চিকিৎসক রাজ চন্দকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কণিকা। সেই সংসারে জন্ম হয় তিন সন্তান আয়ানা, সামারা ও যুবরাজের। তবে ২০১২ সালে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তাঁর। এরপর সন্তানদের নিয়ে ভারতে ফিরে এসে নতুন করে নিজের জীবন ও সংগীতের কেরিয়ার গড়ে তোলেন তিনি। ‘জুগনি জি’ গান দিয়ে সংগীতজগতে পরিচিতি পাওয়ার পর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। ‘বেবি ডল’, ‘চিট্টিয়া কলাইয়াঁ’, ‘টুকুর টুকুর’-এর মতো গান আজও শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে। পাশাপাশি ‘পুষ্পা: দ্য রাইজ’-এর জনপ্রিয় গান ‘ও আন্তাভা’-র হিন্দি সংস্করণেও কণ্ঠ দিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে ফের এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও পেশাগত ক্ষেত্রে নিজের কাজ নিয়েই এগিয়ে যেতে চান এই গায়িকা।

Previous article১০০+ শুভ ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা, ক্যাপশন ও স্ট্যাটাস
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।