শাহরুখ খানের ‘জোশ’ সিনেমার সেই দাপুটে ভিলেনের কথা মনে আছে? একসময় বলিউডের একাধিক পরিচিত ছবিতে অভিনয় করেছেন শরদ কাপুর। কিন্তু কেরিয়ারের দীর্ঘ পথ পেরিয়ে আজ তাঁর জীবন বেশ কঠিন পরিস্থিতির মুখে। নব্বইয়ের দশকের এই জনপ্রিয় অভিনেতা আজ মারাত্মক অসুস্থ। হাঁটাচলার ক্ষমতা প্রায় হারিয়েছেন। ঠিক কি হয়েছে অভিনেতার?
সোশাল মিডিয়ায় সম্প্রতি তাঁর একটি কান্নার ভিডিয়ো ভাইরাল হয়। সেখানেই চলচ্চিত্র জগতের কাছে ফের কাজের সুযোগ দেওয়ার আবেদন জানালেন ৫০ বছর বয়সি এই অভিনেতা। জানালেন নিজের অসুস্থতার খবরও।
জানা গিয়েছে, স্পেনের বার্সেলোনায় ফুটবল খেলতে গিয়ে পায়ে খুব জোর চোট পান শরদ। চোট এতটাই গুরুতর ছিল যে দীর্ঘদিন তাঁকে বিছানায় শুয়ে থাকতে হয়। এখন ওয়াকার ছাড়া তিনি এক পাও হাঁটতে পারেন না। অসুস্থতার কারণে নিজের আদরের চারটে কুকুরকেও বাধ্য হয়ে অন্যের হাতে তুলে দিতে হয়েছে তাঁকে। এই কথা বলতে গিয়েই ভিডিয়োতে কেঁদে ফেলেন তিনি।
নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিনেতা জানান, দীর্ঘদিন কাজ না থাকায় তিনি যে বেশ কিছুটা আর্থিক কষ্টে রয়েছেন তিনি। অভিনেতার আর্জি, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার যে আর্থিক সংকট রয়েছে, আমি কাজ করেই তা কাটিয়ে উঠতে চাই।

দীর্ঘ শারীরিক অসুস্থতা এবং মানসিক অবসাদের জেরে গত কয়েক বছর ধরে অভিনয় জগৎ থেকে সম্পূর্ণ দূরে রয়েছেন তিনি। ২০০০ সালের ‘জোশ’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছিলেন তিনি। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ২০১৯ সালের ‘ক্যাবারে’ ছবিতে। দীর্ঘ বিরতির পর বলিউড কি ফের এই অভিনেতাকে আপন করে নেবে? এখন সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।
