
এই মুহুর্তে টলিপাড়ায় একধাক্কায় বেশ কয়েকটি ধারাবাহিকের ভবিষ্যৎ থমকে গিয়েছে। সেই নিয়ে চিন্তায় ঘুম উড়েছে নেটিজেনদের। মাত্র এক বছরের মাথায় কোপ পড়ল পুরনো মেগার উপর। আর কথাতেই আছে কারুর পৌষমাস তো কারুর সর্বনাশ।
আপতত টিআরপি চার্ট বন্ধ, সুতরাং টিআরপি-র জেরে নয় চ্যানেল এবং প্রযোজনা সংস্থার সিদ্ধান্তেই বন্ধ হচ্ছে এই মেগা সিরিয়াল। খবরটি সামনে আসতেই টেলিপাড়ায় ফের মনখারাপের সুর। গত এক বছরের জার্নি অতিক্রম করে আচমকাই সফর শেষ করতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। ইতিমধ্যেই হয়ে গেল সিরিয়ালের শেষ দিনের শ্যুটিং।
পর্দার জনপ্রিয় চরিত্র ‘বিদ্যা ব্যানার্জি’-কে চিরতরে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন নায়িকা স্বস্তিকা দত্ত। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে স্বস্তিকা লেখেন, ‘আজ শুটিংয়ের মতোই পর্দার এই অধ্যায়টাও শেষ। হয়তো আর নতুন করে বিদ্যার হয়ে কথা বলা হবে না, আর নতুন কোনও দৃশ্যে তার আবেগগুলোকে ছুঁয়ে দেখা হবে না। তবু একটা কথা থেকে যাবে— চরিত্রের বিদায় হয়, ভালোবাসার নয়।’ স্বস্তিকা আরও লেখেন, ‘Take love, Bidya! তোমাকে আর পর্দায় না দেখলেও, মনের পর্দায় তোমার গল্পটা বেঁচে থাকবে। কিছু বিদায় আসলে শেষ নয়, তারা স্মৃতি হয়ে থেকে যাওয়ার এক অন্য নাম।’
শোনা যায়, ধারাবাহিকের পরিচালক সুকমল নাথের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নায়িকা স্বস্তিকা দত্ত। আর তাঁদের মান-অভিমানের পর্ব নাকি বাধ সাধছিল শ্যুটিংয়ে। তাই নির্মাতারা তড়িঘড়ি ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই যদিও সুকমলের সঙ্গে সম্পর্কের কথা উড়িয়ে দিয়েছেন স্বস্তিকা। এবার প্রফেসর বিদ্যা ব্যানার্জির সম্প্রচার শেষে মন খারাপের পোস্ট এল অভিনেত্রীর থেকে।

View this post on Instagram
