
আচমকাই অসুস্থ অভিনেত্রী তথা বিধায়ক পাপিয়া অধিকারী। ভর্তি করা হয় হাসপাতালে। হয়েছে অস্ত্রোপচার। আচমকাই কি হল অভিনেত্রীর? শনিবার সমাজমাধ্যম পাতায় হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে ছবি পোস্ট করেন তিনি। ছবি দেখে চিন্তায় পড়ে যান সকলে।
আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী জানিয়েছেন, “ডান হাতের মধ্যমায় সংক্রমণ হয়েছিল, যার জেরে শুরু হয় যন্ত্রণা। ক্রমে ফুলতে থাকে আঙুল, জমতে থাকে পুঁজ। শেষে অসহ্য যন্ত্রনায় ভর্তি হন হাসপাতালে।”
পাপিয়া অধিকারী আরও জানিয়েছেন, ‘‘একটা মাইক্রোসার্জারি হল। চার পাশে এত কাজ, ব্যস্ততা, তার মাঝে এই অবস্থা! আমি তো টালিগঞ্জের বাসিন্দা। কাছেই বাঙুর হাসপাতাল, সেখানেই ছোট্ট অস্ত্রোপচার করালাম। বেশ অনেকটা সময় ধরেই হল অস্ত্রোপচার। আঙুলের অবশ ভাবটা কেটে গিয়েছে। তবে জায়গাটা টনটন করছে।’’
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আপাতত তিনি বাড়িতেই রয়েছেন। অভিনেত্রী বলেন, ‘‘আমার যখনই কিছু হয়, বেশ বাড়াবাড়ি রকমেরই হয়। সাত-আট বছর আগে ডবল নিউমোনিয়া হয়েছিল। সেই সময়ে প্রায় মৃত্যুশয্যায় চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এ বার আবার একটা অস্ত্রোপচার।’’
