হারিয়েছেন শ্রবণশক্তি! অবশেষে খুশির খবর দিলেন জনপ্রিয় গায়িকা

অলকা ইয়াগনিক

সুরের জগতে দীর্ঘদিনের পরিচিত নাম অলকা ইয়াগনিক (Alka Yagnik)। নব্বইয়ের দশক থেকে শুরু করে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছে একাধিক প্রজন্ম। তবে গত কয়েক বছর ধরে সেই সুরেলা কণ্ঠ যেন অনেকটাই আড়ালে। ২০২৪ সালে নিজের শ্রবণশক্তি হারানোর কথা প্রকাশ্যে আনেন গায়িকা। বিরল স্নায়ুরোগের কারণে কানে শুনতে অসুবিধা হওয়ায় স্বাভাবিকভাবেই থমকে যায় তাঁর সংগীতজীবন। এমনকি একসময় তাঁকে হুইলচেয়ারেও দেখা গিয়েছিল। সেই ছবি ও ভিডিও সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুরাগীরা। তবে এবার কি ফের মঞ্চে ফিরতে চলেছেন গায়িকা? দীর্ঘ বিরতির পর আবারও কি তাঁর গান শুনতে পাবেন শ্রোতারা?

সম্প্রতি সুভাষ ঘাইয়ের আমন্ত্রণ ঘিরেই নতুন করে আশার আলো দেখছেন অনুরাগীরা। চলচ্চিত্রজগতে সুভাষ ঘাইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ এক সংগীতানুষ্ঠানের। অনুষ্ঠানের নাম ‘কেয়া জামানা থা’। আগামী ১১ ডিসেম্বর মুম্বইয়ে বসতে চলেছে এই বিশেষ সুরের আসর। আর সেখানেই অলকা ইয়াগনিককে আমন্ত্রণ জানাতে সরাসরি তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন পরিচালক সুভাষ ঘাই। শুধু তাই নয়, পরিচালকের সেই আমন্ত্রণ হাসিমুখে গ্রহণও করেছেন গায়িকা। গোটা মুহূর্তের ভিডিও নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন সুভাষ ঘাই। সেই ভিডিও সামনে আসতেই অনুরাগীদের মনে নতুন করে তৈরি হয়েছে প্রত্যাশা। দীর্ঘদিন পর আবারও মঞ্চে অলকাকে দেখার সুযোগ মিলবে কি না, এখন সেই দিকেই তাকিয়ে সকলে।

অলকা ইয়াগনিক

উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করেছেন অলকা ইয়াগনিক। এই সম্মান পাওয়ার পর সমাজমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছিলেন তিনি। গায়িকা জানান, গত দু’বছর ধরে ইচ্ছাকৃতভাবেই জনসমক্ষে আসা এবং প্রচারের আলো থেকে দূরে রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তবে অনুরাগীদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনই তাঁকে এই সময়ে শক্তি জুগিয়েছে।

২০২৪ সালে অলকা ইয়াগনিক প্রথমবার জানান, ভাইরাল সংক্রমণের জেরে হওয়া বিরল সেন্সোরিনিউরাল নার্ভ হিয়ারিং লসে আক্রান্ত হয়েছেন তিনি। এই রোগের কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর। তারপর থেকেই গায়িকার সুস্থতা কামনা করে এসেছেন অসংখ্য অনুরাগী। এবার সুভাষ ঘাইয়ের অনুষ্ঠানে তাঁর সম্মতি পাওয়ার খবর সামনে আসতেই আশাবাদী সকলে। তবে অনুষ্ঠানে তিনি গান গাইবেন, নাকি শুধুই উপস্থিত থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। তাই প্রিয় গায়িকাকে আবারও মঞ্চে দেখার অপেক্ষায় দিন গুনছেন সংগীতপ্রেমীরা।