
বয়সটা অল্প হলেও অভিনয়ের দিক থেকে বড় বড় শিল্পীদেরও টেক্কা দিচ্ছে খুদে অভিনেত্রী শ্রীনিকা ঘোষাল। তার আধো আধো কথার সংলাপ আর প্রাণবন্ত অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’-তে অভিনয় করে সে এখন ঘরে ঘরে পরিচিত মুখ।
এবার ছোট্ট শ্রীনিকার ঝুলিতে বড় সাফল্য। এইটুকু বয়সেই বড় স্বপ্ন পূরণ খুদে শিল্পীর। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় অভিনয় করতে চলেছে এই খুদে অভিনেত্রী। ছবির নাম ‘ছেলে ধরা’। পরিচালক শিলাদিত্য মৌলিক-এর নতুন ছবি ‘ছেলে ধরা’-তে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-এর মেয়ের চরিত্রে দেখা যাবে শ্রীনিকাকে। ছোটপর্দায় প্রশংসা কুড়োনোর পর এবার বড়পর্দায় তার অভিনয় কতটা দর্শকের মন জয় করে, সেটাই দেখার।
ইন্দো-আমেরিকান যৌথ প্রযোজনায় নির্মিত এই ফ্যামিলি থ্রিলারের শুটিং হবে অরুণাচল প্রদেশের মনোরম ইটানগর ও জিরো ভ্যালিতে। ছবির গল্পে এক মায়ের জীবনের ভয়াবহ দুঃস্বপ্ন ফুটে উঠবে, মেয়ের জন্মদিনে সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় এক মা। কিন্তু তারপরেই যখন সন্তান কিডন্যাপ হয়, তখন সন্তানকে খুঁজতে জীবনের এমন এক সত্যের মুখোমুখি হতে হয় যা তার জীবন পাল্টে দেয়।
