আধো-আধো গলায় ভাইকে ডাকছে ছোট্ট কৃষভি! আদুরে ভিডিও শেয়ার শ্রীময়ীর

শ্রীময়ী চট্টোরাজ

গত ২৫ জুলাই শনিবার ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন কাঞ্চনপত্নী শ্রীময়ী চট্টোরাজ। ২৯ জুলাই গুরু পূর্ণিমার দিনই ছোট্ট ‘গদাই’ কে নিয়ে বাড়ি ফিরেছেন সেলেব দম্পতি শ্রীময়ী চট্টোরাজ ও কাঞ্চন মল্লিক। অন্যদিকে দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে একরত্তি মেয়ে কৃষভি। মাকে কাছে পেয়ে ছোট্ট সোনা তো খুশিতে একেবারে গদগদ। এতদিনের জমানো কথা, খেলাধূলা সব যেন সুদে-আসলে উসুল করে নেওয়ার পালা।

বাড়ি ফেরার পর মেয়েকে কোলে নিয়ে মিষ্টি ভিডিও পোস্ট করলেন শ্রীময়ী। ছোট্ট কৃষভির কান্ডকারখানা সবসময়ই ক্যামেরাবন্দি করে রাখেন শ্রীময়ী। মা আর ভাই দুজনকে পেয়ে কৃষভির জীবনে যেন এখন খুশির আমেজ। মেয়েকে আদর করে ‘গোপী’ বলে ডাকেন শ্রীময়ী।

ভিডিওয় মা-মেয়ের আহ্লাদীপনা সত্যিই বড্ড মিষ্টি। ছোট্ট গদাই নাকি কৃষভিকে দিদি বলে ডেকেছে, তাও আবার ‘অ্যাই’ বলে। আর কৃষভির আধো আধো স্বরে ‘ভাই’ ডাকটাও ততোধিক মিষ্টি। মেয়ের কথায় একেবারে হেসে কুটোপুটি শ্রীময়ী। কখনও সে ভাইয়ের যত্ন নেওয়ার নানা কায়দা দেখাচ্ছে, আবার কখনও আধো-আধো গলায় গল্প বুনে মাতাল করে তুলছে চারপাশ।

ভিডিওর একদম শেষভাগে কৃষভিকে আরও একবার জানিয়ে দিল, মাকে পেয়ে খুব খুশি। একইসঙ্গে শ্রীময়ী প্রতিজ্ঞা করেছন, আর কখনও মেয়েকে ছেড়ে যাবেন না। একরত্তি কৃষভি কিন্তু বেশ বুঝদার, ভাই ঘুমাচ্ছে বলে মায়ের ঠোঁটে আঙুল দিয়ে বলছে “চুপ চুপ”।