
বাংলা বিগ বস নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। প্রত্যেকটি এপিসোড নিয়ে নেটিজেনদের মতামত চোখে পড়ছে। বলাই বাহুল্য, বিগ বসের চলতি সিজেন টিআরপি হাই। তবে এবার বিগ বসের ঘরে বিদেশিনী প্রতিযোগী আলেকজান্দ্রার মন্তব্য ঘিরে তুমুল বাগ বিতণ্ডা। বিগ বসের সাম্প্রতিক এপিসোডে প্রতিযোগী রাজভীর আর আলেকজান্দ্রার তর্ক-বিতর্কের মধ্যে এক মন্তব্য উঠে আসে যা নিয়ে তীব্র সমালোচনা জানাচ্ছেন সাধারণ দর্শক থেকে তারকারাও।
এবার সোশ্যাল মিডিয়ায় আলেকজান্দ্রার মন্তব্যে ঘিরে ক্ষোভপ্রকাশ করলেন সাংবাদিক মৌপিয়া নন্দী। ঠিক কি ঘটেছে? এদিনের ঘটনায় আলেকজান্দ্রার তার সহ-প্রতিযোগী রাজভীরের সাথে কথোপকথনের সময় বলেন, রাজভীরের একদৃষ্টিতে তার অস্বস্তিকর লাগছে। এই নিয়ে তাঁদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। রাজভীরকে আলেকজান্দ্রা বলেন, তুমি চুপসানো গরীব। আলেকজান্দ্রার এমন মন্তব্যে বাকি প্রতিযোগীদের হাসাহাসি করতে দেখা যায়। সেই ভিডিও সমাজমাধ্যমে সামনে আসতেই ক্ষোভ উগড়ে দেন মৌপিয়া নন্দী।
সাংবাদিক মৌপিয়া নন্দী এক পোস্টের মাধ্যমে জানান, “একটি রিয়ালিটি শো এর ক্লিপ বার বার ফিড এ আসছে যেখানে বিদেশিনী এক মহিলা একটি বাঙালি ছেলেকে বলছে তুমি “চুপসানো গরিব”। তার আধো আধো কথায় সব হেসে গড়িয়ে পড়ছে । আমি ছেলেটিকে চিনি না । সে গরিব না বড়লোক জানি না । কিন্তু মহিলার বক্তব্যে ও ভঙ্গিতে জাতি বিদ্বেষ স্পষ্ট । যে মানসিকতায় গোরা সাহেব রা এদেশের মানুষদের দেখত সেটারই বহিঃপ্রকাশ । অথচ সে এই বাংলায় করে কম্মে খায় । এই বিদেশিনীকে অবিলম্বে ব্যান করে ডিপোর্ট করা উচিত।” এই পোস্টে তাকে সমর্থন জানিয়েছেন অধিকাংশ মানুষ।
