‘মেয়ের অসুখটার কথা যখন জানতে পারি… হাসপাতালে থাকাকালীন ডাক্তার জানায়… মেয়ের কান্নার আওয়াজে আমি..’, মেয়ে আরিয়াকে নিয়ে মুখ খুললেন জয়শ্রী মুখোপাধ্যায়

জয়শ্রী মুখোপাধ্যায়

অভিনয় জগতের খুব চেনা তারকা দম্পতি ভরত কল ও তার স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। তাদের একমাত্র কন্যা, নাম আরিয়া। অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও সন্তান জন্মের পর মাতৃত্বের অনুভূতি ঠিক কেমন ছিল তার গল্পই সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী জয়শ্রী।

অভিনেত্রীর কথায়, ‘প্রথম যখন কান্নার আওয়াজ শুনেছিলাম মেয়ের, ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম কী হয়েছে? যখন কানের কাছে এসে মেয়ে হয়েছে বলেছিলেন, মুহূর্তটা ভুলতে পারি না আজও। আনন্দে আত্মহারা হয়ে যাই।’

‘প্রথম প্রথম নিজের সন্তান বিষয়টা বুঝতে একটু সময় লাগলেও, হাসপাতালে থাকাকালীন মেয়ের যখন জন্ডিস ধরা পরে তখন ডাক্তার বলেছিল মা বাড়ি চলে যাক। বাচ্চা দু’দিন পরে যাবে। কিন্তু সেদিন সন্তানের প্রতি প্রথম টান অনুভব করেছিলাম। বলেছিলাম ওকে রেখে বাড়ি আসব না কিছুতেই।’

মেয়ে হওয়ার ছ’মাসের মধ্যেই কাজ শুরু করেছিলেন জয়শ্রী। আরিয়াকে দেখার জন্য লোক থাকলেও, নিজের হাতেই সবটা করতেন তিনি। বাবা ভরত’ও মেয়ের জন্য সময় বেছে নিয়েছিলেন।

এখন ছোট্ট আরিয়া অনেকটাই বড়, সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের সঙ্গে রিলসে প্রায়শই দেখা যায় তাকে। মেয়ের প্রসঙ্গে জয়শ্রী বলেন, ‘আমি ওকে পড়াতে বসাই। ব্রাশ করা, পড়তে বসানো, খাওয়ানো–সব ব্যাপারে জোর করি। বাবা বকাঝকাই করে না। আমার কাছে কিছু না পেলেও ওর বাবা আছে। এককথায় সব দিয়ে দেবে। তাই ওদিকেই দোস্তি বেশি। আমাকে ছাড়া এমনিতে চলে না আরিয়ার। কোথাও গিয়ে এক রাত্রিও থাকতে পারে না।’

অন্যদিকে বাবা ভরতের ইচ্ছে মেয়ে ক্রিকেট খেলুক। তবে জয়শ্রীর কথায়, বাবা- মায়ের মত অভিনয় জগতেই নিজের কেরিয়ার গড়তে চায় আরিয়া। জয়শ্রী জানিয়েছেন, ‘আমরা অনেকেই অনেক কিছু চাই। ও নিজে যেটা চায় সেটাই করবে। আমি চাই ভালো মানুষ হোক মেয়ে। সবসময় বোঝাই, যেন কারও সঙ্গে খারাপ ব্যবহার না করে। ক্লাসে ফার্স্ট, সেকেন্ড হতে হবে না। জীবনের চলার জন্য সোজা পথটা বেছে নিক, এটুকুই চাহিদা।’

Previous article50+ গাড়ি নিয়ে উক্তি । স্ট্যাটাস । ক্যাপশন । Car Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।