
বিগ বস বাংলায় সৌরভ গাঙ্গুলির হোস্টিং নিয়ে তর্কবিতর্ক থামার নামই নিচ্ছে না। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ফটোকার্ডকে ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা। সেখানে দাবি করা হয়েছে, সৌরভের বদলে বিগ বস বাংলার সঞ্চালকের আসনে রকস্টার রূপম ইসলামের রাগী মেজাজ চান নেটিজেনদের একাংশ। আর সেই ফটোকার্ডই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন রূপম ইসলামের স্ত্রী রূপসা দাসগুপ্ত।
ফটোকার্ডে আরও দাবি করা হয়েছে, হিন্দি বিগ বসে সলমন খানের মতো কড়া শাসন ও বকাঝকার ভূমিকা সৌরভ গঙ্গোপাধ্যায় ঠিক সেইভাবে পালন করতে পারছেন না বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, রূপম ইসলামের রকস্টার সুলভ মেজাজ, তীব্র ব্যক্তিত্ব এবং রাগী স্বভাব বিগ বসের ঘরে অনুশাসন বজায় রাখতে কার্যকর হতে পারে।
স্ত্রী রূপসা দাশগুপ্ত সেটি শেয়ার করে মজার ছলে রূপমের উদ্দেশে লেখেন, ‘রূপম ইসলাম দেখো এটা, এইমাত্র আমার ফিডে এলো, আর আমি হাসি থামাতেই পারছি না। তুমি যতই বলো আমি বেশি রাগী, লোকে মানবে না। তুমিই তো আসল রাগী মানুষ।’ স্বামীর ‘রাগী’ ইমেজ নিয়ে মজা করেই রূপসার এমন মন্তব্য।
যাই হোক, বিগ বস বাংলার সঞ্চালায় সৌরভের না থাকার কোনো সম্ভাবনাই নেই। এটা শুধুমাত্রই কিছু মানুষের কল্পনা। গত শনি ও রবিবার বিগবস বাংলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার দরবার একেবারে সুপার ডুপার হিট গিয়েছে। ঠান্ডা মাথার সৌরভ বেশ বকাঝকা করেছেন ঘরের সদস্যদের। আর সেই তালিকায় রয়েছে নিরঞ্জন, ঝিলম, নন্দিনী। এমনকী, সৌরভের সমালোচনার মুখে পড়তে হয় ভরত কলকেও।
