মায়ের বিয়ের বেনারসি পরেই চুপিসাড়ে বিয়ে সারলেন ‘ডায়মন্ড দিদি’! চেনেন ডোনার বর কে?

ডোনা ভৌমিক

ছোটপর্দার ‘ডায়মন্ড’কে তাই আজও মনে রেখেছেন দর্শক। ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিক দিয়ে দর্শক মনে ছাপ ফেলেছিলেন অভিনেত্রী ডোনা ভৌমিক। অল্প দিন চললেও ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল দর্শকমহলে। এই ধারাবাহিক শেষ হওয়ার পর ডোনাকে সেভাবে আর পর্দায় দেখা যায়নি। তবে সম্প্রতি বড় সুখবর জানালেন অভিনেত্রী নিজেই।

জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন। নিজের মনের মানুষের সঙ্গে আংটি বদল ও আইনি বিয়ে সারলেন ডোনা। ডিসেম্বরে সামাজিক বিয়ে, তার আগেই চারহাত এক হল দুজনের। অভিনেত্রীর মনের মানুষ সায়ন্তন মুখোপাধ্যায়।

টলিপাড়ার নায়িকারা সাধারণত ইন্ডাস্ট্রির কোনো অভিনেতা বা পরিচালকের প্রেমে পড়েন, এমনটাই চেনা ছক। তবে ডোনা হেঁটেছেন একটু অন্য পথে। গ্ল্যামার জগতের বাইরে গিয়ে তিনি মন দিয়েছেন সায়ন্তনকে। ডোনার বর পেশায় একজন করপোরেট ব্যক্তিত্ব। তিনি বর্তমানে ‘বাজাজ ফিনসার্ভ’ (Bajaj Finserv)-এ সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।

আইনি বিয়ের দিনে ডোনা পরেছিলেন তাঁর মায়ের বিয়ের ঐতিহ্যবাহী লাল বেনারসি শাড়ি। আইনি বিয়ে শেষের পাশাপাশি এদিনই দুজনে একে অপরকে আংটি পরিয়ে এনগেজমেন্ট বা আংটিবদল পর্বও সেরে নেন এই জুটি। নতুন জীবন শুরুর জন্য সহকর্মী থেকে শুরু করে অনুরাগী— সকলেই এই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।

ডোনা জানিয়েছেন, আপতত বিয়ের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত তিনি। তাই ছোটপর্দা থেকে কিছুদিন দূরে থাকতে চান। নতুন জীবনে প্রবেশের আগে মেগা সিরিয়ালের কাজ হাতে নিতে চান না, কারণ মেগা সিরিয়াল মানেই লম্বা সময়ের কমিটমেন্ট। তাই আপতত ডোনার ধ্যানজ্ঞান তাঁর নতুন পরিবার।

ডোনা ভৌমিক