‘চিরদিনই’র বিতর্ক ভুলে ফের ছোটপর্দায় ফিরলেন দিতিপ্রিয়া! এবার কোন চ্যানেলে দেখা যাবে ‘রানিমা’ কে?

দিতিপ্রিয়া রায়।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর বেশ কিছুদিন ছোটপর্দা থেকে দূরেই ছিলেন দিতিপ্রিয়া রায়। সেই সময় ওটিটি বা বড়পর্দাতেও তাঁকে খুব একটা দেখা যায়নি। তবে বাঙালি দর্শকের কাছে তিনি আজও ঘরের মেয়ে ‘রানিমা’। সেই ভালোবাসার টানেই দীর্ঘ বিরতির পর ফের ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া। তবে কোন চ্যানেলে দেখা যেতে চলেছে ‘রানিমা’র?

এবার কোনও ধারাবাহিকের নায়িকা হিসেবে নয়, বরং বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে। সান বাংলার জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ পর্বে হাজির হতে চলেছেন দিতিপ্রিয়া। সুদীপ্তা চক্রবর্তী সঞ্চালিত এই রিয়্যালিটি শো-এর মঞ্চে এই বিশেষ পর্বে দিতিপ্রিয়ার সঙ্গে থাকবেন আরও কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী। সেই তালিকায় রয়েছেন শিঞ্জিনী রায়, সুস্মিতা দে এবং ঊষসী রায়। আগামী ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বগুলি।

তিক্ততা এবং বিতর্কের পর এই প্রথমবার ফের কোনো টেলিভিশন শো-এর ক্যামেরার মুখোমুখি হলেন দিতিপ্রিয়া। স্বাভাবিকভাবেই, প্রিয় অভিনেত্রীকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

চ্যানেলের তরফ থেকে ইতিমধ্যেই একটি বিশেষ প্রোমো প্রকাশ করা হয়েছে, যার ট্যাগলাইন ‘আট দিনের আটরঙা চমক’। বিশেষ এই পর্বের প্রোমোতে দিতিপ্রিয়ার লুক ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রশংসিত হচ্ছে। চেনা সাবেকিয়ানা ভেঙে এদিন একেবারে করপোরেট ও গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর পরনে ছিল একটি ‘বোর্দো রেড’ রঙের ফর্মাল অথচ স্টাইলিশ জাম্পস্যুট। এখন দেখার, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে তাঁর উপস্থিতি দর্শকদের কতটা মন জিতে নিতে পারে।