ছোটপর্দায় এবার দুর্গারুপে দিতিপ্রিয়া! বিপরীতে মহাদেবের চরিত্রে দেখা যাবে এই জনপ্রিয় অভিনেতাকে

দিতিপ্রিয়া রায়

শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন। আর প্রায় আড়াই মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আশ্বিনের শারদ প্রাতে আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। এবছর মহালয়া পড়েছে ১০ অক্টোবর। মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে।

দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবেন দেবী দুর্গা এই নিয়ে কৌতূহল থাকে। আর সেরকমই থাকে একে অপরের সঙ্গে টক্কর। আগে শুধু দূরদর্শনে সম্প্রচারিত হলেও, বর্তমানে প্রথম চ্যানেলগুলিতে দেখা যায় মহালয়া।

ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এবছর সান বাংলাতে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। এবারের সান বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম ‘অভয়াশক্তি -যুগে যুগে অপরাজিতা’। সোমবার অভিনেত্রীর লুক সেট হয়েছে। ২৫ ও ২৬ জুলাই হবে মহালয়ার শ্যুটিং।

এবার খবর, দিতিপ্রিয়ার সঙ্গে সান বাংলায় মহাদেবের চরিত্রে দেখা যাবে অভিনেতা অভিষেক সিং-কে। তাঁকে দর্শক কিছুদিন আগেই দেখেছেন ওই চ্যানেলের ধারাবাহিক ‘রূপমতী’তে। রূপকথাকে নিয়ে এগোনো এই ধারাবাহিকে রাজার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। অর্থাৎ রূপমতীর বাবার চরিত্রে ছিলেন অভিষেক। এবার ‘শিব’-এর চরিত্রে ধরা দেবেন অভিনেতা।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের বহু বছর পর সম্প্রতি ছোটপর্দায় ফিরেছিলেন দিতিপ্রিয়া রায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে ‘অপর্ণা’র ভূমিকায়। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি ব্যক্তিগত কারণে সেই ধারাবাহিক ছাড়েন। এর পর বেশ কয়েকমাস রানী মাকে দেখা যায়নি অভিনেত্রীকে। এবার দূর্গারুপে দর্শকের কতটা মন জয় করতে পারেন অভিনেত্রী।

দিতিপ্রিয়া রায়