৮২টি কেমোথেরাপি! আড়াই বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করেও উচ্চ মাধ্যমিকে দশম রামকৃষ্ণ সারদা মিশনের ছাত্রী অদ্রিজা, কুর্নিশ নেটিজেনদের

অদ্রিজা
ছবিঃ সংগৃহীত

চলতি বছরে উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অদ্রিজা। উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা। ৯৪ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছে। তবে তার দুর্দান্ত রেজাল্টের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম। অদ্রিজার জীবনের গল্প শুনলে চোখে জল আসবে আপনারও।

২০১৮ সালে, ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার সময়ে হঠাৎ ধরা পড়েছিল টি-সেল লিম্ফোমা ক্যান্সার। আড়াই বছরের ধরে ক্যান্সারের সাথে লড়াই করছে মেয়েটি। চলছে ৮২টি কেমোথেরাপি, তার মনের জোরের কাছে হার মেনেছে শারীরিক যন্ত্রণাও। মেয়ের লড়াইয়ের কথা শুনিয়েছেন তাঁর বাবা জয়মঙ্গল গণ।

অদ্রিজার বাবা টাকি হাউস গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস বয়েজ় স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। তিনি জানিয়েছেন, “প্রথমে মুম্বই টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা হয়েছিল। তারপরে কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলেছে। ২০২১-এর জুনের পরে অফ ট্রিটমেন্ট হয়েছে। ততদিনে ৮২টি কেমো নিয়েছেন অদ্রিজা। এখন বছরে একবার করে কলকাতা টাটা ও একবার বম্বে টাটা যেতে হয়। নিয়মিত পরীক্ষা করাতে হয়।”

তিনি আরও জানিয়েছেন, ‘অদ্রিজাকে পড়াশোনা করার জন্য কিচ্ছু বলতে হতো না। পড়া না করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য বরং বলতে হতো।’ উচ্চ মাধ্যমিকে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন অদ্রিজা। নিজের ইচ্ছাশক্তির উপর ভরসা করেই লড়াই চালিয়ে গেছে অদ্রিজা। মেয়ের এই লড়াই গর্বিত  বাবা জয়মঙ্গল গণ।

সূত্রঃ https://eisamay . com/job-education-news/adrija-gon-beats-cancer-after-82-chemotherapy-sessions-secures-10th-rank-in-west-bengal-higher-secondary-merit-list-success-story