
রাজ্য জুড়ে চলছে ভোট গননা, এর মাঝেই সকাল সকাল তৃণমূল সাংসদ দেবের পরিবারে শোকের ছায়া। প্রিয়জনকে হারানোর শোকে ভেঙে পড়লেন অভিনেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই দুঃসংবাদ নিজেই জানালেন দেব। পোস্টে দেব লেখেন, “তুমি আমার জীবনের সেরা পাওনা। তাড়াতাড়ি ফিরে এসো আমার জীবনে।”
প্রায় ১৪ বছরের সঙ্গীকে বিদায় জানিয়ে মন ভাল নেই দেবের। দেবের পোস্টে সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের সহকর্মীরা সমবেদনা জানিয়েছেন। একদিকে যখন রাজনৈতিক মহলে চরম উত্তেজনা, ঠিক তখনই দেবের এই ব্যক্তিগত ক্ষতি স্তব্ধ করে দিয়েছে সকলকে।
পোষ্যকে হারিয়ে মনখারাপ অভিনেতার। দেবের দুই পোষ্য—লাকি এবং হ্যাপি। দুই পোষ্যকে নিজের সন্তানই ভাবতেন দেব। কিন্তু আজ সবই স্মৃতি।
যারা দেবকে চেনেন, তাঁরা জানেন তিনি কতটা পশুপ্রেমী। শুটিংয়ের ক্লান্তি হোক বা রাজনীতির চাপ— বাড়িতে ফিরলেই লাকির অভ্যর্থনাই ছিল দেবের বড় তৃপ্তি। সেই আদরের বন্ধুকে হারিয়ে আজ অভিনেতা যেন এক নিথর অভিভাবক।
মাসখানেক আগে বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের ২০ বছর পূরণের উদ্যাপনেও হাজির ছিল তাঁর দুই পোষ্য। মঞ্চে দেব ও তাঁর পরিবারের সঙ্গে উপস্থিত ছিল লাকি ও হ্যাপি। সঙ্গীকে হারানো শোক যে কোনো বড় সাফল্যের চেয়েও অনেক বেশি তা অভিনেতার শব্দগুলোই বলে দিচ্ছে।
