‘বিগ বস’ বাংলার ঘর থেকে কত টাকা পারিশ্রমিক পেলেন ভরত কল? মুখ খুললেন স্বয়ং অভিনেতা

অভিনেতা ভরত কল

দীর্ঘদিন বিগ বসের ঘরে থাকার পর অবশেষে নিজের বাড়িতে ফিরেছেন অভিনেতা ভরত কল। বাড়ি ফিরে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করতে সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন অভিনেতা। সেখানে বিগ বসের বাড়ির অভিজ্ঞতা, সহ-প্রতিযোগীদের সঙ্গে সম্পর্ক এবং শোয়ের নানা অজানা ঘটনা নিয়ে খোলামেলা আলোচনা করছিলেন তিনি। তবে লাইভ চলাকালীন এক দর্শকের প্রশ্নে কিছুটা মেজাজ হারাতে দেখা যায় তাঁকে।

আসলে বিগ বসের মতো জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে প্রতিযোগীদের পারিশ্রমিক নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। তাই লাইভে এক দর্শক সরাসরি ভরতকে প্রশ্ন করেন, এই শোয়ে অংশ নেওয়ার জন্য কত টাকা পেয়েছেন তিনি? এমন ব্যক্তিগত প্রশ্ন শুনে আর চুপ থাকতে পারেননি অভিনেতা। বেশ স্পষ্টভাবেই নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি।

দর্শকের প্রশ্নের উত্তরে ভরত বলেন, ‘আরে আপনি কি ভাই ইনকাম ট্যাক্সের অফিসার নাকি? আপনাকে কেন বলতে যাব কত টাকা পেয়েছি?’ অভিনেতার এই উত্তর থেকেই পরিষ্কার, নিজের পারিশ্রমিকের অঙ্ক প্রকাশ্যে আনতে একেবারেই আগ্রহী নন তিনি। ব্যক্তিগত উপার্জন নিয়ে যে কাউকে জবাবদিহি করতে বাধ্য নন, সেটাই যেন বুঝিয়ে দিলেন অভিনেতা।

প্রসঙ্গত, বিগ বসের প্রতিটি সিজনেই প্রতিযোগীদের পারিশ্রমিক নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে টেলিভিশনের পরিচিত অভিনেতা-অভিনেত্রীরা এই শোয়ে অংশ নিলে তাঁদের উপার্জন নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। কে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন, কোন প্রতিযোগীর দর কত বেশি, তা নিয়ে চলে নানা জল্পনা।