‘প্রার্থনা করুন প্লিজ…’! শারীরিক অবস্থার মারাত্মক অবনতি, আইসিইউ-তে বিগ বস প্রতিযোগী, কি জানালেন চিকিৎসক?

বিগ বস প্রতিযোগী

মারণরোগ ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন ‘বিগ বস মালয়ালম ৭’-এর পরিচিত মুখ রেণু সুধি। একের পর এক কেমোথেরাপি নিয়ে সুস্থ হয়ে ফেরার স্বপ্ন দেখছিলেন অভিনেত্রী। কিন্তু পঞ্চম রাউন্ড কেমোথেরাপির পর আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বর্তমানে কোট্টায়ামের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রেণু।

রেণুর ঘনিষ্ঠ বন্ধু এবং সহ-প্রতিযোগী সারিকা কেবি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে তাঁর শারীরিক অবস্থার কথা জানান। সেখানে আবেগ ধরে রাখতে পারেননি সারিকা। কাঁদতে কাঁদতে তিনি ভক্তদের কাছে রেণুর জন্য প্রার্থনা করার আবেদন জানান।

সারিকা জানান, রেণুর রক্তে প্লেটলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। ফলে তাঁর শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসকরাও জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর শরীর আর কেমোথেরাপির ধকল নেওয়ার মতো অবস্থায় নেই। পরিস্থিতি অত্যন্ত জটিল হওয়ায় আপাতত চিকিৎসকেরা নতুন করে কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

শুধু তাই নয়, খাওয়া-দাওয়া প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় রেণুর শরীরে PICC লাইনও বসানো হয়েছে। প্রিয় বন্ধুর এমন কঠিন পরিস্থিতির কথা জানিয়ে সারিকা সকলের কাছে রেণুর জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছেন। তাঁর আশা, সকলের ভালোবাসা ও প্রার্থনায় ফের কঠিন লড়াই জয় করে ফিরবেন রেণু।

মাত্র ৩২ বছরেই স্বামীকে হারিয়েছিলেন, এবার ৩৪-এ ক্যান্সারের সঙ্গে লড়াই!

রেণুর জীবনে একের পর এক আঘাত যেন থামতেই চাইছে না। ২০২৩ সালে মাত্র ৩২ বছর বয়সে ভয়াবহ পথ দুর্ঘটনায় স্বামী তথা জনপ্রিয় কমেডিয়ান কোল্লাম সুধিকে হারান তিনি। স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছিলেন রেণু। কিন্তু সেই কঠিন সময়েই তাঁর জীবনে আসে আরও বড় বিপর্যয়—স্তন ক্যান্সার।

তবুও ভেঙে পড়েননি অভিনেত্রী। কেমোথেরাপির যন্ত্রণা সহ্য করেও বারবার নিজের লড়াইয়ের কথা অনুরাগীদের জানিয়েছেন তিনি। এমনকী পঞ্চম কেমোর পরও আশাবাদী ছিলেন রেণু। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, আর মাত্র একটি কেমো বাকি, তারপরই শেষ হবে তাঁর দীর্ঘ চিকিৎসার পর্ব।

কিন্তু শেষ কেমোথেরাপির আগেই আচমকা শারীরিক অবস্থার অবনতি যেন সমস্ত হিসাব বদলে দিয়েছে। এখন হাসপাতালের আইসিইউতে জীবনের সঙ্গে লড়াই করছেন রেণু। প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থতার আশায় প্রার্থনা করছেন তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য অনুরাগী।