
কাছের মানুষকে হারানোর যন্ত্রণা যেন মেনে নিতে পারছেন না বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই দুঃসংবাদ। শৈশবে যার সঙ্গে জরিয়ে অসংখ্য স্মৃতি সেই ছোটবেলার সঙ্গীকে হারালেন অভিনেত্রী। বোন অনুরাধা লাহিড়িকে (ডাকনাম রত্না) হারিয়ে শোকস্তব্ধ অপর্ণা সেন।
অপর্ণারা তিন বোন। রীনা, রত্না এবং লক্ষ্মী। বোন রত্নাকে এ ভাবে হারাবেন, অভিনেত্রী ভাবেননি। ২৩ মে রাত সাড়ে ৮টায় গুরুগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপর্ণার বোন রত্না ওরফে অনুরাধা। আবেগঘন পোস্টে অপর্ণা লিখেছেন, “আমার ছোটবেলার সঙ্গী চলে গেল। আমার বোন, যাঁর সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতাম। আমার মধ্যেই রত্নার সব স্মৃতি যত্ন করে রাখব। যত দিন না আবার ওঁর সঙ্গে দেখা হচ্ছে।” বোনকে হারিয়ে ভেঙে পড়েছেন অপর্ণা।
প্রয়াত প্রবীন শিল্পী অনুরাধা দেবীর স্বামী মনোজিৎ লাহিড়ি জানিয়েছেন, ‘২০২২ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ধীরে ধীরে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতাও। পাশাপাশি দীর্ঘদিন ধরে পার্কিনসন্স রোগেও ভুগছিলেন তিনি।’ অপর্ণা সেনের পোস্টে সমবেদনা জানিয়েছেন অসংখ্য অনুরাগী ও শিল্পীমহলের মানুষজন।


