
একের পর এক মৃত্যুর খবরে শোকাহত বিনোদন জগত। চলে গেলেন আরও এক অভিনেতা। একটা সময় থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজের জন্য ভীষণভাবে পরিচিত ছিলেন অভিনেতা। ১১ এপ্রিল, ৮৭ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্রিটিশ চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটারের অভিজ্ঞ প্রবীণ অভিনেতা জন নোলান। তিনি বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফার নোলান এবং জোনাথন নোলানের চাচা ছিলেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি একজন বহুমুখী চরিত্রাভিনেতা হিসেবে ব্যাপক সম্মান অর্জন করেন।
‘ব্যাটম্যান বিগিনস’ এবং ‘দ্য ডার্ক নাইট রাইজেস’- এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশেষ পরিচিত ছিলেন এই ব্রিটিশ অভিনেতা। ১৯৩৮ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করা জন নোলান তাঁর অভিনয় জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। তিনি রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির মতো খ্যাতনামা দলের সঙ্গে কাজ করেছেন। পরবর্তীতে তিনি টেলিভিশনে কাজ শুরু করেন এবং ‘ড্যানিয়েল ডেরন্ডা, ডুমওয়াচ ও সাইলেন্ট উইটনেস’ –এর মতো সিরিজে অভিনয় করেন।
তাঁর চলচ্চিত্র তালিকায় রয়েছে টেরর এবং দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ম্যারিড ম্যান। কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণে চলচ্চিত্র ও বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

