
২০২২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন সুদীপ- অনিন্দিতা। বিয়ের চার বছরের মাথায় আসে প্রথম সন্তান। তবে গত বছরই কন্যা সন্তানের মা হয়েছিলেন অনিন্দিতা রায়চৌধুরী। দেখতে দেখতে বছর পার। একরত্তি মেয়ে তিষ্যার জন্মের দেড় বছরের মাথায় বড় খুশির খবর জানালেন অনিন্দিতা। মেয়ের জন্মের পর খুব অল্প সময়ে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছিলেন তিনি। তবে এবার কোন সুখবর জানালেন অভিনেত্রী?
সন্তানের জন্মের কিছু দিন আগে পর্যন্ত তাঁকে ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে দেখতেন দর্শক। এরআগেও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করার পর প্রথম বার হিন্দি ওয়েব সিরিজ়ে অনিন্দিতা। ‘ক্লিন আপ কোম্পানি’ নামে সেই সিরিজ়ের ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়-সহ বাঙালি তারকাদের পাশাপাশি রয়েছেন রবি কিশন, বিশাল জেঠওয়া ও অমে ওয়াঘের মতো অভিনেতারাও। সেখানেই একটি চরিত্রে রয়েছেন অনিন্দিতা।
মুম্বইয়ের কাস্টিং এজেন্সি থেকে ডাক আসে অনিন্দিতার কাছে। তবে প্রথমে অন্য একটি চরিত্রের জন্য অডিশন দেন তিনি। তবে শেষ পর্যন্ত অন্য একটি চরিত্রের জন্য তাঁকে বেছে নেওয়া হয়। কলকাতা ও মুম্বই, দুই শহরে মিলিয়ে মিশিয়ে শুটিং হয়েছে বলে জানান অনিন্দিতা। কারণ, সিরিজ়ের প্রেক্ষাপটের অনেকটা জুড়েই রয়েছে বাংলা। অনিন্দিতা জানান, তাঁর চরিত্রটিও হিন্দি ও বাংলা, দুই ভাষা মিলিয়ে কথা বলে। অভিনেত্রী অকপটেই স্বীকার করেন, এখনও তাঁর হিন্দি খুব সড়গড় নয়।
অনিন্দিতা বলেন, “প্রবাসী বাঙালি একটি পরিবারের গল্প। এমন পরিবারের বাড়ির বৌরা হয়তো হিন্দিতে কথা বলে। কিন্তু কোথাও গিয়ে নিজের মাতৃভাষার টান থেকে যায় কথায়। আমার চরিত্রও তেমনই। আমি খুব ভাল হিন্দি বলতে পারি না। ব্যকরণগত ভাবে সঠিক হিন্দি আমি জানি না। কিন্তু এই চরিত্রের জন্য যেটা দরকার ছিল, সেটা আমি পেরেছি।”
