
‘বিগ বস’ ঘরকে ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। প্রতিদিন বাড়ছে মত বিরোধ, পাশাপাশি বাড়ছে বিতর্ক। সম্প্রতিক একটি টাস্ককে ঘিরে প্রতিযোগীদের মধ্যে শুরু হয় লড়াই। আলোচনার কেন্দ্র হয়ে ওঠে দুই প্রতিযোগী সৃজলা গুহ আর নন্দিনী দত্তকে ঘিরে। নন্দিনীর ধাক্কায় গুরুতর আহত হয় সৃজলা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
এদিনের ঘটনার পর নন্দিনীকে নিয়ে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমোলচনা। বাদ যাননি টেলি তারকারাও। অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান নন্দিনীর আসল রুপ আরও বাজে। এই পোস্টে সমর্থন জানিয়েছেন নন্দিনীর অনেক সহ-অভিনেত্রীরাও।
তবে সকলের বিপক্ষে গিয়ে এবার নন্দিনীর পাশে দাঁড়ালেন নন্দিনীর অনস্ক্রিন দাদা ভিভান ঘোষ। ভিভান একধারে যেমন সৃজলার দ্রুত সুস্থতার কামনা করে ঠিক তেমনি নন্দিনীর উদ্দেশ্যে স্পষ্ট বক্তব্য রাখেন।
ভিভান বলেন, “বিগ বসে এই ধরণের টাস্ক দেওয়া হয়, যেখানে প্রতিযোগীদের মধ্যে বিরোধ তৈরি হওয়ার প্রবল সম্ভবনা থাকে। যত বেশি বিতর্ক, তত শোয়ের জনপ্রিয়তা বাড়বে। আর সেই টাস্ক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে”
অভিনেতা জানান, “মানুষের শরীর সবসময় ধাক্কা সামলে উঠতে পারে না। তাই সৃজলা দ্রুত সুস্থ হয়ে উঠুক। তবে নন্দিনী জেনে বুঝে সৃজলাকে আঘাত করেনি। আমি নন্দিনীকে বহুদিন ধরেই চিনি। ‘আলো ছায়া’ ধারাবাহিকে যখন আমরা একসাথে কাজ করেছি তখন নন্দিনী অনেকটাই ছোট ছিল। সেই অভিজ্ঞতা থেকে আমার বিশ্বাস নন্দিনী ইচ্ছাকৃত কিছু করতে পারে না। সৃজলার সাথে ওর ব্যক্তিগত ঝামেলা রয়েছে বলেও আমি মনে করিনা।”
