
ইদানীং রিয়্যালিটি শো-এর সঞ্চালক বদল নিয়ে হইচই টেলিপাড়ায়। দীর্ঘ ১৫ বছর ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনা করে আচমকাই রচনা বাদ পরতে ইতিমধ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শক। সেই রেশ কাটতে না কাটতেই এবার ছোটপর্দায় আরও এক জনপ্রিয় ‘দিদি’কে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। সান বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর সঞ্চালনার আসন ছাড়তে পারেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আরও একবার চ্যানেলের সিদ্ধান্তে অবাক দর্শক।
টানা দুই বছর ধরে এই মেগা শো সফলভাবে সঞ্চালনা করার পর সুদীপ্তার বাদ পরার খবরে মন খারাপ দর্শকদের। কী কারণে তিনি সরে দাঁড়াতে চাইছেন? এর আগেও ইটিভি বাংলা থেকে শুরু করে যেখানেই তিনি সঞ্চালনা করেছেন, সেই শো-ই সুপারহিট হয়েছে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, টানা দুই বছর এই শো-এর পেছনে অক্লান্ত পরিশ্রম করার পর অভিনেত্রী কিছুটা ক্লান্ত। এই প্রসঙ্গে সুদীপ্তা দ্য ওয়ালকে নিজে জানিয়েছেন, টানা কাজ করতে করতে একটু বিরতির প্রয়োজন হয়ে পড়েছে। তাই সাময়িক একটা ‘ব্রেক’ চেয়েছি। তবে চ্যানেল কর্তৃপক্ষ এখনই কোনও মন্তব্য করেনি।
সুদীপ্তা সাময়িক বিরতিতে গেলে স্বপ্ল কয়েকদিনের জন্য তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় কানাকানি শুরু হয়েছে। জল্পনায় উঠে এসেছে দু’টি জনপ্রিয় নাম— সন্দীপ্তা সেন এবং পায়েল দে।
তবে সন্দীপ্তা নিজে এই জল্পনা উড়িয়ে স্পষ্ট জানিয়েছেন যে, এমন কোনও সম্ভাবনা নেই এবং তিনি এই শো সঞ্চালনা করছেন না। অন্যদিকে, অভিনেত্রী পায়েল দে-র নাম জল্পনায় এলেও ওঁর ঘনিষ্ঠ মহল থেকে এই সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে। স্বয়ং সুদীপ্তাও জানিয়েছেন, ওঁর জায়গায় কে আসতে চলেছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

