
টেলিভিশনের পর্দায় সেরা খলনায়িকাদের মধ্যে একজন হলেন কাঞ্চনা মৈত্র। পর্দায় যতই অন্যের খারাপ চান, ক্ষতি করুক না কেন বাস্তবে কিন্তু একেবারেই অন্যরকম মানুষ কাঞ্চনা। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চা তুঙ্গে। ২০১৭ সালে নিজের বহু বছরের প্রেমিক দ্বৈপায়ন ভৌমিককে বিয়ে করেন কাঞ্চনা। ৪০ বছর বয়সে এসে বিয়ে করায় অভিনেত্রীকে বহুবার কটাক্ষের মুখেও পরতে হয়। কিন্তু অনেকেই হয়ত জানেন না এর পিছনে ঘটে যাওয়া আসল ঘটনা।
দ্বৈপায়ন কে বিয়ে করার আগেও একবার বিয়ে ভাঙে কাঞ্চনার। সম্প্রতি এক সাক্ষাতকারে অতীত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। কাঞ্চনা জানান, তরুণ বয়সে এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়ুয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার। দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনাও এগিয়েছিল। কিন্তু বিয়ের ঠিক আগেই হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যায়। ছেলেটি নাকি নিজের কেরিয়ারে বড় সাফল্য পাওয়ার পরই সম্পর্ক থেকে সরে আসে। তবে এই বিচ্ছেদ মানসিক ভাবে ভেঙে দিয়েছিল কাঞ্চনাকে।
বাস্তবকে মেনে নিতে তার অনেক গুলো বছর সময় লেগেছিল। তবে আজ সেই ঘটনার দিকে ফিরে তাকালে কোন আক্ষেপ নেই অভিনেত্রীর। বরং তিনি মনে করেন সেই বিচ্ছেদই তাকে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দিয়েছে। বর্তমানে যদি কখনও প্রাক্তনের সাথে দেখা হয় তবে তাকে ধন্যবাদ জানাবেন কাঞ্চনা। কারন তার মতে জীবনের সেই অধ্যায় না থাকলে আজকের কাঞ্চনা মৈত্র হয়ে ওঠা সম্ভব হত না।
