
সাতসকালেই টলিউড অভিনেত্রীর ইন্দ্রাণী হালদারকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নেটপারায় রটেছে অভিনেত্রীর মৃত্যুর খবর। তবে এটা নতুন কোন ঘটনা নয়, এর আগেও একাধিকবার তারকাদের মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে৷ এবার তেমনটাই ঘটল ইন্দ্রাণী হালদারের সঙ্গে৷
নিজের মৃত্যুর ভুয়ো খবরে রেগে আগুন অভিনেত্রী৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টে ক্ষোভ উগরে দিলেন ইন্দ্রানী। অভিনেত্রী জানান, ‘সম্প্রতি বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল আমার মৃত্যুর খবর নিয়ে একটি ভিডিও তৈরি করেছে। আমি নাকি মারা গিয়েছি। এবং আমাকে দেখতে রচনা-সহ টলিপাড়াপ আরও অনেকে এসেছে। এমনভাবে গোটা ভিডিওটা বানানো হয়েছে।’
সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রানীর আর্জি, এই ভিডিও দেখে পরিবারের সকলেই ভীষণ অসন্তুষ্ট৷ অনেকেই আমাকে ফোন করেছে, আমি ঠিক আছি কিনা তা জানতে৷ বাড়িতে মা ও গুরুজনেরাও চিন্তায় রয়েছেন৷ তবে এই ভাবে কারোর মৃত্যুর ভুয়ো খবর রটিয়ে ভিডিও বানিয়ে টাকা রোজগারের কোনও মানেই হয় না৷ এই বিষয়টাতেই আমার প্রবল আপত্তি।
সকলকে অনুরোধ করে অভিনেত্রী বলেন, ‘আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এমন কোন খবর যদি দেখেন তাহলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেবেন। দয়া করে এই সমস্ত খবরে ক্লিক করবেন না এবং এই খবরগুলো না জেনে ছড়িয়ে দেবেন না। এতে পরিবারের সকলেই চিন্তায় পড়ে যায়৷ আর সবশেষে এটাও বলে রাখি,আমি এখনও মরিনি, বরং আমার আয়ু বেড়ে যাচ্ছে৷
