
সকাল হতেই ফের দুঃসংবাদ টলিপাড়ায়। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শেষরক্ষা হল না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে চিরঘুমের দেশে অভিনেতা। মৃত্যুর খবর ছড়িয়ে পরতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিপাড়ায়।
রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আনা হবে তাঁর মৃতদেহ। সেখানেই তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী।
বাংলা থিয়েটার জগতে পঙ্কজ মুন্সীর অবদান অনস্বীকার্য। কেবল মঞ্চই নয়, সেলুলয়েডের রুপোলি পর্দাতেও তিনি নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। ‘মহিষাসুরমর্দিনী’ এবং ‘শজারুর কাঁটা’-র মতো বেশ কিছু জনপ্রিয় বাংলা চলচ্চিত্রেও তাঁর সাবলীল অভিনয় দর্শকমনে জায়গা করে নেয়। তাঁর প্রয়াণে নাট্য এবং চলচ্চিত্র জগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা।
প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের ‘অঙ্গনমঞ্চ’ ও মুক্তমঞ্চের ধারায় বিশ্বাসী পঙ্কজ বাবু বিকল্প থিয়েটারের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে বিশেষ অবদান রেখেছেন। তাঁর স্ত্রী তপতী মুন্সীও নাটক ও অভিনয়ের সঙ্গে যুক্ত। তাঁকেও দর্শক বিভিন্ন নাট, ছবি ও ধারাবাহিকে দেখেছেন।

