
ছোটবেলা থেকেই গানের প্রতি অগাধ ভালবাসা। ছবিতে হারমোনিয়াম বাজিয়ে গান করা ছোট্ট খুদে শিল্পী এখন গানের জগতের উজ্জ্বল এক নাম। যার গান ছাড়া বাংলা ছবি থেকে শুরু করে বলিউড দুনিয়া অসম্পুর্ন। পশ্চিমবঙ্গের ছোট শহর বহরমপুর থেকে শুরু হওয়া তাঁর পথচলা আজ পৌঁছে গিয়েছে ভারতের চলচ্চিত্র সঙ্গীতের শীর্ষস্থানে। চিনতে পারলেন গায়িকা কে?
মাত্র চার বছর বয়স থেকেই তিনি সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। ছয় বছর বয়সে শুরু হয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর আনুষ্ঠানিক শিক্ষা। সেই ছোটবেলা থেকেই তাঁর কণ্ঠের জাদু ধীরে ধীরে সকলের নজরে আসতে থাকে। মাত্র ষোল বছর বয়সে তাঁর জীবনে আসে বড় সুযোগ। জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে তিনি বিজয়ী হন। সেখান থেকেই ভাগ্য খোলে গায়িকার।
এই খুদে গায়িকা আর কেউ নয়, বাঙালি কন্যা শ্রেয়া ঘোষাল। নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। তাঁর অসাধারণ কণ্ঠ ও সঙ্গীতের প্রতি নিষ্ঠা তাঁকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর ঝুলিতে রয়েছে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বহরমপুরের কন্যার এই সাফল্যের গল্প আজ অসংখ্য তরুণ শিল্পীর কাছে স্বপ্ন আর অনুপ্রেরণার প্রতীক।

