
বাংলা টেলিভিশনের জগতে জনপ্রিয় মুখ জয়জিৎ ব্যানার্জি। বড়পর্দা, ছোটপর্দা কিংবা ওটিটি— সব মাধ্যমেই নিজের সাবলীল অভিনয়ের জন্য পরিচিত তিনি। তবে মাঝে বেশ কিছুদিন পর্দায় দেখা মেলেনি অভিনেতার। মাঝে বিচ্ছেদের কারনেও অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে সমাজমাধ্যমে কম চর্চা হয়নি। কিন্তু সমস্ত বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে, এবার বড় পদক্ষেপ নিলেন জয়জিৎ।
সম্প্রতি নিজেই সে সুখবর সকলের সাথে শেয়ার করলেন অভিনেতা। এদিন সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের কামব্যাকের কথা নিজেই ঘোষণা করেন জয়জিৎ। ছবির ব্যাকগ্রাউন্ড দেখেই স্পষ্ট, কোনও শুটিংয়ের ফাঁকে চিত্রনাট্যে মন দিয়েছেন তিনি। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তাঁর ক্যাপশন। অভিনেতা লিখেছেন, “২ বছর পর আবার ফিরলাম। আটকে রাখার লোকটা এখন নিজেই আটকে আছে গরাদের ওপারে। কোথায় কবে কখন ক্রমশঃ প্রকাশ্য।”
কোন চ্যানেলে, কোন চরিত্রে এবং কবে থেকে তাঁকে দেখা যাবে অভিনেতাকে? জানা গিয়েছে, স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’ -এ দেখা যাবে তাঁকে। এই প্রসঙ্গে জয়জিৎ জানান তাঁকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে। কিন্তু চরিত্রটা ইতিবাচক না নেতিবাচক? এই বিষয়ে অভিনেতা মুচকি হেসে বলেন, “সব বলে দেওয়া কি ঠিক হবে? এটুকু বলতে পারি, বাস্তবে কোনও মানুষই কিন্তু পুরোপুরি পজিটিভ বা নেগেটিভ হতে পারে না। অনেক শেডস থাকে, ভাল-মন্দ দুই থাকে। এই চরিত্রটিও তাই।”
জয়জিৎ আরও বলেন, “আড়াই বছর পর আবার ছোটপর্দায় ফিরছি। স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে ফিরতে পারছি সেটা একটা সবথেকে ভাল লাগার ব্যাপার। বহু বছর পর ব্লুজ প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করব। কিন্তু এতদিন কেন ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে? এই বিষয়ে স্পষ্ট করে কারও নাম না করলেও টলিউডের ‘বিশ্বাস ব্রাদার্স’ -এর দিকে ইঙ্গিত করেন তিনি। জয়জিৎ বলেন, “ইন্ডাস্ট্রির কিছু ‘বিশ্বাস’ আমায় আটকে রেখেছিল। কিন্তু ইন্ডাস্ট্রির উপর আমার কখনও বিশ্বাস হারায়নি।”
আর পাঁচটা চেনা ছকের সাংসারিক কূটকচালি বা ফ্যামিলি ড্রামা নয়, এই নতুন মেগাটির গল্প গড়ে উঠেছে সমাজের নানাবিধ জ্বলন্ত ও প্রাসঙ্গিক সমস্যাকে কেন্দ্র করে। যেখানে জয়জিতের চরিত্রটি ‘নায়ক’-এর না হলেও, গল্পে চরিত্রের গুরুত্ব অপরিসীম। তবে ২ বছর বাদে অভিনেতার এই জমাটি প্রত্যাবর্তন যে টেলিভিশনের পর্দায় নতুন কোন ধামাকা আনতে চলেছে তা বলাই বাহুল্য।
