
একসময় বাংলা টেলিভিশনের পর্দায় প্রেমের গল্প মানেই ছিল দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা। স্টার জলসার একাধিক ধারাবাহিক সেই সময় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। এমনই একটি ধারাবাহিক ছিল ‘তোমার জন্য’। আদি, আকাশ আর পাখিকে ঘিরে তৈরি হওয়া ত্রিকোণ প্রেমের গল্প একসময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকটি পুরনো হয়ে গেলেও, আজও দর্শকের মনে গেঁথে রয়েছে এই মেগা।
২০১৩ সালে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল এই ধারাবাহিক। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র আকাশের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু। পরবর্তীকালে বাংলা টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। অন্যদিকে, পাখির চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী তিলোত্তমা দত্ত। পর্দায় তাঁর অভিনয় এবং চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছিল।
‘তোমার জন্য’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিলোত্তমা। এরপর তাঁকে দেখা গিয়েছিল ‘কনকাঞ্জলি’ ধারাবাহিকে। সেখানে শ্রেয়া চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মাত্র দু’টি ধারাবাহিকে কাজ করেই দর্শকদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন এই অভিনেত্রী। এমনকি ‘Un-fair-y’ নামের একটি শর্ট ফিল্মেও অভিনয় করেছিলেন তিনি।

কিন্তু এরপরই যেন হঠাৎ করে উধাও হয়ে যান তিলোত্তমা। ছোটপর্দায় আর নিয়মিত দেখা যায়নি তাঁকে। কেন অভিনয় থেকে দূরে সরে গেলেন তিনি, সেই বিষয়ে স্পষ্ট কোনও তথ্যও সামনে আসেনি। সোশ্যাল মিডিয়াতেও তাঁর সাম্প্রতিক উপস্থিতি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না।
একসময় যাঁকে টেলিভিশনের পর্দায় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক, তাঁকে আজ আর সেভাবে দেখতে না পেয়ে অনেকের মনেই থেকে গিয়েছে প্রশ্ন। অভিনয় কি একেবারেই ছেড়ে দিয়েছেন তিলোত্তমা, নাকি ভবিষ্যতে আবারও ফিরবেন ছোটপর্দায়? এই প্রশ্নের উত্তর এখনও অজানা।
