
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী নিবেদিতা মুখোপাধ্যায়। ভর্তি করা হয়েছে এক শহরের বেসরকারি হাসপাতালে। অভিনেত্রীর পথ দুর্ঘটনার খবর জানিয়েছেন স্বামী নীল মুখোপাধ্যায়। কেমন আছেন নিবেদিতা?
হাসপাতাল থেকে স্ত্রীর ছবি শেয়ার করেন অভিনেতা লেখেন, ‘নিবেদিতা, সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয় গত ৮ অক্টোবর। গতকাল রাতে চিকিৎসার প্রয়োজনে হাসপাতাল ভর্তি করা হয়েছে। কোমরে আর হাঁটুতে চোট (চলতে ফিরতে অসুবিধে)। হয়তো অপারেশন করাতে হবে না, আপাতত তাই মনে হচ্ছে। এ বার ডাক্তারের কথা মেনে চিকিৎসা ও সুস্থ হয়ে ফিরে আসা। আপনারা যারা ওকে ভালোবাসেন, ওর অভিনয় দেখার জন্য মঞ্চের দিকে তাকিয়ে থাকেন বা টেলিভিশনে চোখ রাখেন, তাদের আশীর্বাদ কাম্য।’
প্রসঙ্গত, জানা যায় কিছুদিন আগে টালিগঞ্জ থেকে অ্যাপ ক্যাবে ফিরছিলেন অভিনেত্রী। সেই সময় আঘাত পান। প্রথমে চোট গুরুতর বুঝতে পারেননি। যন্ত্রণা নিয়ে কাজ করেছিলেন। সমস্যা বাড়তে দ্রুত হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বর্তমানে জি-বাংলা জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’তে অভিনয় করছেন নায়কের মায়ের চরিত্রে। এই চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন নিবেদিতা। তিনি কবে আবার শুটিং ফ্লোরে ফিরবেন তা জানা নেই।
