
নিম ফুলের মধু ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা সুব্রত গুহ রায়। পরিণীতা ধারাবাহিকেও তার চরিত্র ভীষণ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে।
অভিনয় দক্ষতার জোরেই দর্শকমহলে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। পর্দায় একের পর এক চরিত্রে অভিনয় করে মন জয় করেছেন দর্শকদের। তবে জনপ্রিয়তা পেলেও বদলে যায়নি তাঁর জীবনযাপনের ধরন। তারকাখ্যাতি কিংবা অর্থের অহংকার নয়, বরং সাধারণ জীবনযাপন করতেই ভালোবাসেন তিনি। শুধু নিজেই নন, নিজের সন্তানদেরও সাধারণভাবে মানুষ করতে চেয়েছেন এই অভিনেতা ও তাঁর স্ত্রী।
অভিনয় জগতে আসার আগে ভালো চাকরি করতেন তিনি। ছিল নিশ্চিত উপার্জনের সুযোগ। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা তাঁকে অন্য পথে নিয়ে যায়। স্থায়ী চাকরির নিরাপত্তা ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ান তিনি।
এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানিয়েছিলেন, মেয়ে জন্মানোর পরেও তাঁর দৈনিক রোজগার ছিল মাত্র ১৫০ টাকা। সংসার চালানো এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকলেও অভিনয়ের প্রতি টান ছাড়তে পারেননি তিনি। এরপর ছেলে জন্মানোর সময় মাত্র ১৫ দিনের জন্য অভিনয়ের একটি সুযোগ আসে তাঁর কাছে। সেই সামান্য সুযোগই পরবর্তীকালে বদলে দেয় তাঁর জীবনের মোড়। ১৫ দিনের কাজ গড়িয়ে শেষ পর্যন্ত সাড়ে চার বছর হয়ে যায়। ‘এরা শত্রু’ ধারাবাহিক তাঁর জীবনে ঘুরে দাঁড়ানোর অন্যতম বড় সুযোগ হয়ে উঠেছিল।
অভিনেতা সুব্রত গুহ জানিয়েছিলেন, তাঁরা কখনও চাননি তাঁদের ছেলেমেয়ে ধনী পরিবারের সন্তানদের মতো বিলাসিতার মধ্যে বড় হোক। বরং সাধারণভাবে জীবন কাটানো এবং ছোট ছোট বিষয়ের মূল্য বোঝাটাই তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অভিনেতার কথায়, “আজও জকেও আমার ছেলে ছেঁড়া একটা টি-শার্ট পরেই ঘুরে বেড়ায়, তার লজ্জা করে নতুন জামা পড়তে।’ অভিনেতার এই কথার মধ্যে দিয়ে প্রমাণ মেলে সাফল্য মানেই বিলাসিতা নয়।
