
বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন তিনি। অভিনেতা সপ্তর্ষি মৌলিকের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন বেশ সুখের। স্বামীর সঙ্গে বয়সের ১৪ বছরের ব্যবধান থাকলেও তাঁদের সম্পর্কের সমীকরণ বরাবরই নজর কেড়েছে অনুরাগীদের। তবে বর্তমান জীবনে সুখের সংসার থাকলেও অতীতে একটি বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রীকে। ২০০৬ সালে প্রথম বিয়ে ভেঙে যায় তাঁর। সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের সেই অধ্যায় নিয়েই খোলামেলা আলোচনা করেছেন সোহিনী।
একসময় নাট্যব্যক্তিত্ব গৌতম হালদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলে যায়। শেষ পর্যন্ত দু’জনে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে এই বিচ্ছেদে কোনও তিক্ততা তৈরি হয়নি তাঁদের মধ্যে। বরং আজও প্রাক্তন স্বামীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন সোহিনী।
‘স্টেট আপ উইথ শ্রী’ পডকাস্টে নিজের প্রথম বিয়ে এবং বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী জানান, দু’জন মানুষ ব্যক্তিগতভাবে খুব ভালো হলেও তাঁদের একসঙ্গে থাকা সবসময় সম্ভব হয় না। গৌতম হালদার এবং তিনি স্বভাব ও চিন্তাভাবনার দিক থেকে অনেকটাই আলাদা ছিলেন। তাই কোনও ঝগড়া বা তিক্ততা নয়, বরং আলোচনা করেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সোহিনী প্রাক্তন স্বামীর প্রসঙ্গে বলেন, ‘দুটো মানুষ খুব ভালো হতে পারেন। কিন্তু তাঁরা সব সময় হয়তো একসঙ্গে থাকতে পারেন না। গৌতমদা আর আমি মানুষ হিসেবে অনেকটা আলাদা। কথা বলে, আরাম করে আমাদের বিচ্ছেদ হয়েছে। এর মধ্যে কোনও তিক্ততা নেই। মা যখন ২০২১-এ চলে যান তখন গৌতমতা এসে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন।’
শুধু তাই নয়, বিচ্ছেদের পরেও তাঁদের মধ্যে যে সুন্দর সম্পর্ক রয়েছে, তার উদাহরণও দিয়েছেন অভিনেত্রী। সোহিনীর মা ২০২১ সালে মারা যাওয়ার সময় গৌতম হালদার তাঁর বাবার পাশে দাঁড়িয়েছিলেন। এমনকি সোহিনীর বাবা এখনও গৌতম এবং তাঁর স্ত্রী দ্যুতির সঙ্গে মাঝেমধ্যে একসঙ্গে খাওয়াদাওয়া করতে যান। প্রাক্তন স্বামীর সঙ্গে পরিবারের এমন স্বাভাবিক সম্পর্ক বজায় থাকাকে যথেষ্ট ইতিবাচক বলেই মনে করেন অভিনেত্রী।
সোহিনীর কথায় স্পষ্ট, একটি সম্পর্কের পরিণতি বিচ্ছেদ হলেও তার অর্থ এই নয় যে দু’জন মানুষের মধ্যে সম্মান বা ভালোবাসা শেষ হয়ে যাবে। বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রেখেও জীবনের আলাদা পথে এগিয়ে যাওয়া সম্ভব।
