
একের পর এক মৃত্যুশোক মেনে নিতে পারছে না বিনোদন জগত। তার মধ্যেই আরও এক বড় ধাক্কা ইন্ডাস্ট্রিতে। মাত্র কয়েক বছরের অভিনয় জীবন আর একরাশ স্বপ্ন ফেলে অকালেই চলে গেলেন সিরিয়ালের আরও এক জনপ্রিয় অভিনেতা। গত দুই বছর ধরে মারণ রোগ ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না।
মাত্র ৪১ বছরেই আরও একজন শিল্পী অকালে ঝরে গেলেন। প্রয়াত মালয়ালম টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল। সিদ্ধার্থের প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী বিনোদন দুনিয়া।
ত্রিশূরের চালাকুডির বাসিন্দা সিদ্ধার্থের অভিনয়ের প্রতি ভালোবাসা শুরু হয়েছিল কলেজ জীবন থেকেই। পেশাদার থিয়েটার দিয়ে হাতেখড়ি হলেও, প্রযোজক অরুণ ঘোষের সহায়তায় তিনি টেলিভিশন জগতে পা রাখেন। ‘কস্তুরীমান’ এবং ‘ভাগ্যজাতকম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শকদের ড্রয়িংরুমে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও তিনি কাজ করেছেন।
পর্দার আড়ালে সিদ্ধার্থের জীবন ছিল লড়াইয়ের। কয়েক বছর আগে বাবাকে হারিয়েছিলেন তিনি। রেখে গেলেন মা এবং ছোট ভাইকে। তাঁর এই অকাল প্রয়াণ দক্ষিণ ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এক অপূরণীয় ক্ষতি।

