
ফের দুঃসংবাদ টলিপাড়ায়। কাছের মানুষকে হারালেন অভিনেতা টোটা রায় চৌধুরী। প্রয়াত টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী। বাবাকে হারালেন অভিনেতা। ফুসফুসের ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন অভিনেতার বাবা। শারীরিকভাবে তেমন সমস্যা ছিল না তাই পরিবারের কেউ প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি। তবে শারীরিক যন্ত্রণা বাড়তেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় বিপ্লবাঙ্কুরবাবুকে। এতটাই কম সময়ে সবটা ঘটেছে, এখনও বাবার হঠাৎ চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না অভিনেতার পরিবার।
মারা যাওয়ার আগে মাত্র তিন দিন প্রচণ্ড কষ্ট পেয়েছেন অভিনেতার বাবা। সূত্রের খবর, হঠাৎই পিঠে ব্যথা শুরু হয়। সকলেরই মনে হয়েছিল বয়সজনিত কারণে হয়তো এমনটা হতে পারে। পরে যন্ত্রণা এতটাই বাড়তে থাকে যে ক্রমশ সামনের দিকে ঝুঁকে যেতে থাকেন তিনি। তৎক্ষণাৎ ভর্তি করানো হয় হাসপাতালে। তখনই ডাক্তার জানান যে, ফুসফুসের ক্যানসারের একেবারে শেষ পর্যায়।
গত সপ্তাহে ছিল টোটার জন্মদিন। আশীর্বাদ নিয়ে হাসপাতালে বাবার কাছে গিয়েছিলেন অভিনেতা। তখন বিপ্লবাঙ্কুরবাবুর মুখ ঢাকা ছিল মাস্কে। নাকেমুখে নল। তাই কথা বলতে পারেননি। শুধু ছেলে টোটার গায়ে হাত বুলিয়ে আশীর্বাদ করেন। তার পরের দিনই সব শেষ! আর বাড়ি ফেরা হল না তাঁর। সব থেকে দুঃখজনক ঘটনা হল, ছেলের জন্মদিনের পরের দিনেই মারা গেলেন বাবা।
জানা গিয়েছে, মৃত্যুকালে টোটার বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরীর বয়স হয়েছিল ৮৪ বছর। আগামী ২২ জুলাই বাবার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করবেন অভিনেতা। খবর, পিতৃবিয়োগের যন্ত্রণায় এতটাই কাতর অভিনেতা যে, কারও সঙ্গে সেভাবে কথা বলছেন না।
