
ফের পর্দায় নতুন চমক আনতে চলেছে উষসী রায় এবং সুস্মিত মুখার্জির জুটি। এর আগে দর্শক তাঁদের স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ -এ দেখেছিলেন। মেগা সিরিয়ালে তাদের জুটি বরাবরই দর্শকের ভীষণ পছন্দের। এবার সেই জুটিকে দর্শক দেখবে অন্য ভাবে, অন্য মাধ্যমে।
তবে আর কোন মেগা সিরিয়ালে নয়, ওটিটিতে আসছে নতুন ওয়েব সিরিজ ‘দেবীপক্ষ’। সেখানেই দেখা যাবে উষসী-সুস্মিতকে। এদিন প্রকাশ্যে এল তাঁদের নতুন সিরিজের ঝলক।
সেখানেই দেখা গেল শীল পরিবারের কালী পুজো ১৫০ বছরের পুরনো। কিন্তু এই শতাব্দী প্রাচীন পুজোর ঐতিহ্য, উৎসবের আবহের মাঝেই ঘটে যায় কেলেঙ্কারি। চুরি হয় দেবীর জিভ। শুধু তাই নয়, এই রাজবাড়িতে হয় খুনও।
শীল পরিবারের এই কালী পুজোর সময় যে একটার পর একটা অপ্রীতিকর ঘটনা ঘটল তার নেপথ্যে কে? কে তৈরি করেছে এই গভীর ষড়যন্ত্রের ফাঁদ? নাকি সবটাই নিছক কাকতালীয়? এই বছরের দেবীপক্ষ সূচনার আগেই আসছে ‘দেবীপক্ষ’। সঙ্গে থাকছে ভরপুর থ্রিল, রহস্য, চমক। গল্পে শেষ পর্যন্ত কী ঘটে সেটাই দেখার!
‘দেবীপক্ষ’ সিরিজটিতে মুখ্য ভূমিকায় থাকবেন উষসী রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, সুস্মিত মুখার্জি, অনিন্দিতা রায়চৌধুরী, দেবদত্ত রাহা, শ্রীমা ভট্টাচার্য, নীলাঙ্কুর মুখার্জি, প্রমুখ। ২ অক্টোবর থেকে দেখা যাবে এই সিরিজটি। পরিচালনা করেছেন সুমন দাস। সাহানা দত্ত প্রজেক্টটির নির্মাতা।
