
আমাদের সমাজে একটি প্রচলিত কথা ‘মেয়ে মানেই বিয়ে’। কোনও মেয়ে বয়স পেরিয়ে গেলেও বিয়ে না করলেও যেন সমাজের প্রশ্নের মুখে পড়তে হয়। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই হলেও ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত অভিনেত্রী রাজশ্রী ভৌমিক। বিয়ে না করার জন্য তাকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় বারবার। বাস্তবে রাজশ্রী বরাবরই স্পষ্টবাদী মানুষ। তবে সম্প্রতি বিয়ে না করা নিয়ে বড় সত্যি ফাঁস করলেন অভিনেত্রী।
একটা সময় ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রটে, রাজশ্রী নাকি নচিকেতা চক্রবর্তীর সাথে বিচ্ছেদের কারণেই একাকীত্বের পথ বেছে নিয়েছেন? এমনকি নচিকেতার সেই জনপ্রিয় গান ‘রাজশ্রী তোমার জন্য’ নাকি অভিনেত্রী রাজশ্রী ভৌমিকের জন্যই গাওয়া, সত্যিই কি তাই? নচিকেতা এবং রাজশ্রীর বন্ধুত্ব দীর্ঘ কয়েক দশকের। নচিকেতার লেখা গল্পে রাজশ্রী অভিনয়ও করেছেন। তাদের ঘনিষ্ঠতা নিয়ে অনেক চর্চা হলেও রাজশ্রী সবসময়ই নচিকেতাকে তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ‘মেন্টর’ বা অভিভাবক হিসেবে সম্মান দিয়ে এসেছেন।
সম্প্রতি আম অর্পিতাকে দেওয়া সাক্ষাৎকারে রাজশ্রী বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, কেন বিয়ে করলাম না? আমি মনে করি, বিয়েটাই জীবনের শেষ কথা নয়। কারো ওপর নির্ভর করে বাঁচার চেয়ে নিজের ক্ষমতায় মাথা উঁচু করে বাঁচা অনেক বেশি সম্মানের।’
নিজের এমন সিদ্ধান্তে সবসময় মা-কে পাশে পেয়েছেন রাজশ্রী। জীবনে না পাওয়া থাকলেও সেই না-পাওয়াকে আঁকড়ে বাঁচায় বিশ্বাসী নন রাজশ্রী। অভিনেত্রীর বিশ্বাস, বিয়ে বা বাচ্চা হলেই সংসার করা বোঝায় না।
রাজশ্রী বলেন, ‘আমার মাও তো আমার দায়িত্ব, আমার দাদা, বৌদি, আমার বাচ্চা (ভাইঝি) সবাই আমার দায়িত্ব।’ নিজের উপার্জিত অর্থে তিল তিল করে নিজের স্বপ্নের বাড়ি সাজানো তাঁর কাছে এক বিশাল প্রাপ্তি রাজশ্রীর কাছে। যদিও সেই বাড়িতে নয়, মা এবং দাদার সঙ্গে জয়েন্ট ফ্যামিলিতেই থাকেন রাজশ্রী।
অভিনেত্রী জানান, তাঁর এই স্বাধীন জীবনযাত্রার পেছনে সবথেকে বড় হাত তাঁর মায়ের। সমাজ কী বলল, তাতে কান না দিয়ে তাঁর মা সব সময় তাঁকে নিজের পায়ে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। বিয়ের জন্য কখনও তাঁকে জোর করা হয়নি, বরং নিজের শর্তে বাঁচতে শেখানো হয়েছে।
