
বিনোদন জগতে নেমে এলো আবার শোকের ছায়া। মাত্র ২১ বছর বয়সে অকালেই মৃত্যু হল এক অভিনেত্রীর। মৃত্যুর কারণ আত্মহত্যা বলেই জানা গেছে। সিনেমার শুটিংয়ে যোগ দেওয়ার ব্যাপারে কাকার প্রবল আপত্তির কারণেই দুর্ঘটনা।
মাত্র ২১ বছরে চলে গেলেন অভিনেত্রী মধুলিকার। চলচ্চিত্র শিল্পে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে তিনি হায়দরাবাদে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাঁর জীবনের অকাল সমাপ্তি ঘটল। তাঁর এই মৃত্যু ঘিরে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠেছে
।পরিবারের অভিযোগ, একটি সিনেমার শুটিংয়ে অংশ নেওয়াকে কেন্দ্র করে নিজের কাকার সঙ্গে তীব্র বিবাদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মধুলিকা। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই বিবাদের জের ধরেই হয়তো তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
জানা গেছে, খুব অল্প বয়সেই বাবাকে হারান মধুলিকা। বাবার মৃত্যুর পর তিনি তাঁর মা, ভাই ও দিদার সঙ্গে থাকতেন। অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ থাকায় তিনি নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে বিভিন্ন সিনেমার শুটিংয়ে অংশ নিতে শুরু করেন। তবে পরিবারের কয়েকজন সদস্য তাঁর এই অভিনয় ক্যারিয়ারের বিরোধিতা করেছিলেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সম্প্রতি তাঁর কাকা তাঁকে শুটিংয়ে যেতে বাধা দেন এবং কঠোর ভাষায় তিরস্কার করেন। এই ঘটনার পর থেকেই অভিনেত্রী মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মধুলিকার ঘর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর, পরিবারের সদস্যরা তাঁর শোবার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত অ্যাম্বুলেন্স (১০৮ পরিষেবা) ডাকা হলেও, চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে মৃত ঘোষণা করেন।
