
নিয়মিত শরীরচর্চা, ডিসিপ্লিন মেনে চলা সত্বেও আচমকাই বড়সর বিপদের মুখে বলি অভিনেতা অক্ষয় কুমার। ৫৯ বছর বয়সেও যার ফিটনেস দেখে তরুণ প্রজন্মের হিংসে হয়, সেই অক্ষয় কুমার আজ হাসপাতালের বিছানায়। বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যা অভিনেতাকে বেশ ভোগাচ্ছিল। কাজ নিয়ে কোনও আপস করতে চান না বলেই হয়তো এতকাল চেপে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চোখের ভয়ঙ্কর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ মেনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন অক্ষয়।
৬ মে সকালে তাঁর এই অস্ত্রোপচার হয়। এটি ছিল ‘ভিশন কারেকশন’ বা দৃষ্টিশক্তি সংশোধনের জন্য একটি ছোট সার্জারি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নিচ্ছেন তিনি। অপারেশন গুরুতর না হলেও, চোখের বিষয় বলেই চিকিৎসকরা তাকে আপাতত কড়া বিশ্রামের পরামর্শ দিয়েছেন। কারণ সঠিক বিশ্রাম না পেলে দীর্ঘমেয়াদি কোনও সমস্যা তৈরি হতে পারে। ফলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগত থেকে কয়েক দিনের জন্য বিরতি নিচ্ছেন তিনি।
প্রিয় তারকার অসুস্থতার কথা শুনে স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ পড়েছে অনুরাগীদের। ভক্তদের কাছে এটা অনেকটাই স্বস্তির খবর যে তিনি এখন অনেকটাই বিপদমুক্ত,এবং বিশ্রামের পর আবারও শুটিং ফ্লোরে ফিরবেন তিনি।
