শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, বন্ধ হলো শুটিং! সিলিন্ডার ফেটে মৃত্যু টেকনিশিয়ানের

টেকনিশিয়ান

ফের শুটিং সেটে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারাল এক টেকনিশিয়ান। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। ঠিক কি কারনে ঘটল এই দুর্ঘটনা? জানা যাচ্ছে, পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন ছবি ‘কিলার’-এর শুটিং চলাকালীনই ঘটে ভয়ঙ্কর ঘটনা।

বুধবার ভোর ভোর প্রায় পাঁচটা নাগাদ চেন্নাইয়ের পেরাম্বুর এলাকার বিন্নি মিলস কমপ্লেক্সে একটি বিস্ফোরণের দৃশ্যের শুটিং চলছিল। সেই সময় সেটে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার আচমকাই ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় চারজন কর্মী গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে ছিলেন মাদুরাভোয়ালের বাসিন্দা ২৬ বছরের মাধন, ২৭ বছরের শক্তিভেল, ২৩ বছরের সূর্য এবং ২৪ বছরের দিনাকরণ।
তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মাধনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কী কারণে বিস্ফোরণ ঘটল, শুটিংয়ে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মেনে চলা হয়েছিল কি না, নাকি কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পর অভিনেতা-পরিচালকের পক্ষ থেকেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে আপাতত ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। গত কয়েক দিন ধরে শতাধিক শিল্পী এই প্রজেক্টে কাজ করছিলেন তবে দুর্ঘটনার কারণে পুরো ইউনিটই স্তব্ধ হয়ে যায়।