
একটা সময় বহু জনপ্রিয় মেগা সিরিয়ালে দাপিয়ে কাজ করেছেন অভিনেতা তথাগত মুখার্জি। কেরিয়ারে সফলতা পেলেও তথাগতর ব্যক্তিগত জীবন এবং তার সম্পর্কগুলো নিয়ে টলিউডে কম বিতর্ক হয়নি। বিশেষ করে তাঁর দ্বিতীয় বিয়ে এবং বর্তমান লিভ-ইন সম্পর্ক নিয়ে গত কয়েক বছরে প্রচুর চর্চা হয়েছে। একের পর এক সম্পর্কে জড়ালেও সম্প্রতি সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে তথাগতর মন্তব্য ঘিরে শুরু হয়ে তুমুল আলোচনা।
২০১১ সালে অভিনেত্রী দেবলীনা দত্তকে বিয়ে করলেও ২০২১ সালের শেষের দিকে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। শোনা যায়, তথাগতর পরিচালিত ছবি ‘ভটভটি’-র নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন তথাগত। তার জেরেই দেবলীনার সঙ্গে ১১ বছরের বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরে অভিনেতার। পরবর্তীতে ‘রাস’ ছবির সেট থেকেই তথাগতর সঙ্গে নাম জড়ায় আলোকবর্ষার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তথাগত জানালেন, সম্পর্ককে তিনি কখনও শুধুমাত্র সামাজিক নিয়মের চোখে দেখেন না। তাঁর মতে, মানুষের প্রতি টান, স্মৃতি, বন্ধুত্ব এবং আবেগ সময়ের সঙ্গে বদলালেও পুরোপুরি হারিয়ে যায় না। তথাগতর কথায়, জীবনের অনেক পুরনো সম্পর্কের মানুষও আজও খোঁজখবর নেন, কথা বলতে চান। আর সেটাকে তিনি অস্বাভাবিক মনে করেন না। বরং একটি সম্পর্ক শেষ হয়ে গেলেও মানবিক যোগাযোগ এবং পারস্পরিক সম্মান বজায় থাকাটা তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
অভিনেতার মতে, কাউকে জীবনের বাইরে সরিয়ে দেওয়ার জন্য ব্লক করে দেওয়াই একমাত্র সমাধান নয়। সম্পর্কের সমাপ্তি হলেও সম্মান এবং সৌজন্য বজায় রাখা সম্ভব। অন্য কাউকে বোঝার আগে নিজের দুর্বলতা এবং চাহিদাগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি। আর সেই কারণেই তিনি সম্পর্কের ক্ষেত্রে অধিকার নয়, বরং স্বাধীনতা, সততা এবং বোঝাপড়াকেই বেশি গুরুত্ব দেন।
