একের পর এক ধামাকা জীতুর, শীর্ষে জনপ্রিয়তা! ফের আরও এক কালজয়ী গল্পে ছোটপর্দার আর্য সিংহ রায়

জীতু কমল

ছোটপর্দার আর্য সিংহ রায় যেন অভিনেতা জীতু কমলের জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে দিয়েছে। সিরিয়াল শেষ হতেই একের পর এক ধামাকা দিচ্ছেন অভিনেতা। ইতিমধ্যে হইচই এর একটি ওয়েব সিরিজের জন্য পাহাড়ে শুটিংয়ে পৌঁছে গেছেন জীতু। আরও একটি ওয়েব সিরিজের কথাবার্তা চলছে। তার মাঝেই ফের বড় সুখবর পাওয়া যাচ্ছে ছোটপর্দার আর্য সিংহ রায়কে ঘিরে।

সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে বড়পর্দায় আসছে ‘মহারাজা তোমারে সেলাম’। ‘গুপী গাইন বাঘা বাইন’, সেই কালজয়ী ছবির জন্মের নেপথ্যের গল্প এবার উঠে আসতে চলেছে পরিচালক সৃজিত মুখার্জির নতুন ছবির হাত। এই ছবির মুখ্য ভুমিকায় থাকবেন অভিনেতা জীতু কমল।  এছাড়াও থাকবেন রুদ্রনীল ঘোষ, ঋত্বিক ভৌমিক,  শতাক্ষী নন্দী, সৈরিতি বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ দত্ত।

এক সাক্ষাৎকারে পরিচালক জানান, “ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ ক্লাসিক ‘গুপী গাইন বাঘা বাইন’ কী ভাবে ভাবা হয়েছিল, কী ভাবেই বা তৈরি হল, সেই ঘটনাটাই আমি বলতে চাই।” আগামী ৯ অগস্ট দক্ষিণ কলকাতার প্রিয়া প্রেক্ষাগৃহে আয়োজিত একটি অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হবে। উপস্থিত থাকবেন ছবির কলাকুশলীরাও।