
গত ২৯ মার্চ তালসারির সমুদ্রে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনা এখনও টলিপাড়ার স্মৃতিতে তাজা। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে প্রাণ হারান অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। সমুদ্র সৈকতের সেই ভয়বহ স্মৃতি যা সারাজীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে অভিনেত্রী শ্বেতা মিশ্রকে। রাহুলের চলে যাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শ্বেতার ভেঙে পড়া মানসিক অবস্থার ছবি সকলেরই নজরে আসে। তারপর থেকেই পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শ্বেতার ভেঙে পড়া মানসিক অবস্থার ছবি স্পষ্ট ধরা পড়েছিল।
তবে জীবন থেমে থাকে না। সময়ের সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। দীর্ঘ লড়াইয়ের পর এবার ফের ক্যামেরার সামনে দাঁড়ালেন শ্বেতা। প্রতিম ডি গুপ্ত পরিচালিত বহু প্রতীক্ষিত ‘চালচিত্র ২’-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে তিনি কস্তুরী নামের এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। চরিত্রটির জন্য তাঁকে অ্যাকশন দৃশ্যেরও বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে বলে জানা গেছে। ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে কাজে ফেরার জন্য শ্বেতা মিশ্রকে শুভেচ্ছাও জানিয়েছেন তার সহকর্মী ও অনুরাগীরা।
বর্তমানে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে ছবির শুটিং। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী দুর্গাপূজোর সময় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে ‘চালচিত্র ২’। এই ছবির আরেকটি বড় আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রথমবার তাঁর সঙ্গে একই পর্দায় কাজ করছেন শ্বেতা। এছাড়াও ছবিতে রয়েছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী ও বরুণ চন্দ।
