
আর কোনও লুকোচুরি নয়, বরং অত্যন্ত জমকালো ঘরোয়া আবহে গোপনে সারাজীবনের জন্য আশীর্বাদ পর্ব এবং বাগদান সেরে নিলেন সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়। তবে সৌরভের অতীত সম্পর্ক এবং বিয়ে নিয়ে নেটপাড়ায় চলা হাজারো ট্রোলিং ও কাটাছেঁড়াকে কি একেবারে মন থেকে উড়িয়ে দিতে পেরেছেন শুভস্মিতা? সম্প্রতি সৌরভের অতীত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
অতীতে সৌরভ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ে এবং পরবর্তীতে সেই বিয়ে ভেঙে যাওয়া— মাঝখান থেকে পার হয়ে গিয়েছে বেশ কয়েকটা বছর। সৌরভের এই পুরনো অতীত কি কখনও শুভস্মিতাকে ভাবায়নি? শুভস্মিতা বলেন, ‘আমাদের সবার জীবনেই অতীত আছে। সম্পর্ক যদি বিয়ে পর্যন্ত গড়ায়, তা হলে তা আরও বড় আকার ধারণ করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষ পরিবর্তিত হয়। যদি সেই অতীত না থাকত, তা হলে হয়তো আজকে যে সৌরভকে আমি ভালোবেসেছি, তাঁকে এভাবে পেতামই না। তখন হয়তো ওনাকে আমার ভালোই লাগত না!’
চলতি বছরের গোড়াতেই সৌরভের প্রাক্তন স্ত্রী মধুমিতা সরকার গাঁটছড়া বেঁধেছেন দেবমাল্য় চক্রবর্তীর সঙ্গে। এবার শুভস্মিতার সঙ্গে নতুন ইনিংস শুরু করার পালা সৌরভের। গোপনে আশীর্বাদ পর্ব মিটলেও চার হাত এক হতে কিন্তু এখনও কিছুটা সময় বাকি। শুভস্মিতা জানিয়েছেন, এখনই তাঁরা বিয়ের চূড়ান্ত তারিখ ঠিক করেননি। কারণ এই মুহূর্তে দুজনেই নিজেদের মেগা সিরিয়ালের কাজে চূড়ান্ত ব্যস্ত। চলতি ধারাবাহিক শেষ না হওয়া পর্যন্ত এত বড় বিয়ের ধুমধাম আয়োজন করা সম্ভব নয় বলেই জানিয়েছেন হবু কনে শুভস্মিতা।
