বাংলা টেলিজগতে অন্যতম জনপ্রিয় মুখ হলেন সাহেব ভট্টাচার্য। সম্প্রতি কথা ধারাবাহিকে এভি চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন তিনি। কিন্তু অনেকেই হয় জানেন না, অভিনেতার আরও একটি পরিচয় রয়েছে? মোহনবাগানের বিখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে তিনি। একটা সময় সুব্রত ভট্টাচার্যের নামে কাঁপত কলকাতা ময়দান। কিন্তু, তাঁর ছেলেরই ফুটবলের প্রতি তেমন আগ্রহ নেই। এমনকি বাবার মত কোনদিনই তাকে ফুটবলের ময়দানে দেখা যায়নি। এর পেছনে লুকিয়ে থাকা রহস্য জানালেন সাহেব।
এক সাক্ষাতকারে সাহেব জানান, ছোটবেলায় ফুটবলের প্রতি আগ্রহ থাকলেও ফুটবলার হওয়ার স্বপ্নকে এগিয়ে নিয়ে দেননি তার বাবা। নিজের দীর্ঘ খেলোয়াড় জীবনের অভিজ্ঞতা থেকেই ছেলেকে নিয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন সুব্রতবাবু।
১৭ বছর ময়দানে খেলে মোহনবাগানকে একাধিক সাফল্য এনে দিয়েছেন। এমনকি পেলের মত বিশ্ব বিখ্যাত ফুটবলারের বিরুদ্ধেও মাঠে নেমেছেন সুব্রতবাবু। কিন্তু খেলোয়াড় জীবনের শেষদিকে ফুটবলারদের প্রতি অবহেলা, অনিশ্চয়তা ও বঞ্চনার দিকটিও খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। তাই ছেলে সাহেব কে সেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাননি।
বাবা হিসেবে তিনি চেয়েছিলেন ছেলে আগে পড়াশুনা শেষ করুক এবং নিজের জন্য স্থায়ী কেরিয়ার তৈরি করুক। ফুটবল খেলতে গিয়ে যাতে ছেলের পড়াশুনা নষ্ট না হয়। পাশাপাশি খেলার ময়দানের রাজনীতি, তোষামোদও পছন্দ করতেন না অভিনেতার বাবা। তাই তার বাবা চেয়েছিলেন ছেলেও যেন সেই পরিবেশের বাইরে গিয়ে নিজের পরিচয় তৈরি করে।
শেষপর্যন্ত বাবার সেই কঠোর সিদ্ধান্তেই ফুটবলের মাঠ থেকে নিজেকে সরিয়ে এনেছিলেন সাহেব। তবে আজ ফুটবলার না হয়েও অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি গড়েছেন অভিনেতা। বাবার মত সততা, আত্মসন্মানই অভিনেতার জীবনে অন্যতম বড় শিক্ষা।

